নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা

৪৩ ওভারে লক্ষ্যমাত্রা ২৯৮। মাঠে নেমে দ্রুত রান তোলার বিকল্প নেই। আপাতত অকল্যান্ডের ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের বন্যাই বইয়ে দিয়েছে নিউজিল্যান্ড। কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়-এই নীতিতে অবশ্য ২টি উইকেট গচ্চাই দিতে হয়েছে তাদের। এই মুহূর্তে ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০৫ রান। ওভারপ্রতি সাড়ে আটের বেশি গড়ে রান তুলতে থাকা নিউজিল্যান্ড ঝড় তুলেই প্রথমবারের মতো ফাইনালের জায়গা পেতে মরিয়া।
ফিরে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম। যাওয়ার আগে ২৬ বলে ৫৯ রান করে ঝড়টা তুলে দিয়ে গেছেন তিনিই। দক্ষিণ আফ্রিকা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। ‘অল্প’তেই ফেরানো গেছে কিউই অধিনায়ককে। এমন পরিস্থিতিতে ম্যাককালামের চেয়ে ভয়ংকর ব্যাটসম্যান বোধ হয় ক্রিকেট দুনিয়ায় খুব বেশি নেই।
ম্যাককালামের উইকেটটি নিয়েছেন মরনে মরকেল। তাঁর বলে লং অনে ম্যাককালামকে লুফেছেন ডেল স্টেইন। মরকেল ফিরিয়েছেন কেন উইলিয়ামসনকেও। ব্যক্তিগত ৬ রানে মরকেলের বলে বোল্ড হয়েছেন উইলিয়ামসন।
এই মুহূর্তে নিউজিল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছেন আগের ম্যাচে ২৩৭ করা মার্টিন গাপটিল। তিনি অপরাজিত ২২ রানে, রস টেলর অপরাজিত ১২ রানে।