নিউজিল্যান্ডের এমন জয় এই প্রথম

ল্যাথাম–অ্যালেনের ফিফটি বাঁচিয়েছে নিউজিল্যান্ডকেছবি: ব্ল্যাকক্যাপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা মোটেও সহজ হচ্ছে না নিউজিল্যান্ডের জন্য। সিরিজের প্রথম দুটি ম্যাচেই আইরিশদের দুর্দান্ত প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। যদিও দুটি ম্যাচেই শেষ পর্যন্ত জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের ৩০০ রান তাড়া করে একপর্যায়ে ২৫৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডই জিতেছে ১ উইকেটে। কাল দ্বিতীয় ওয়ানডেতেও আয়ারল্যান্ডের ২১৬ রানের জবাবে মহাবিপর্যয়ে পড়ে ২ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডই জয়ী দল শেষমেশ।

২ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডই শেষপর্যন্ত জিতল ৭১ বল হাতে রেখে
ছবি: ব্ল্যাকক্যাপস

ইনিংসের প্রথম ২ বলে ২ উইকেট হারিয়ে এর আগে ওয়ানডেতে কোনো দলই জিততে পারেনি। নিউজিল্যান্ড সেটিই করে দেখাল। শুরুর এমন বিপর্যয়ের পরও যে ম্যাচ জেতা যায়, কিউইরা সেটিই প্রমাণ করল যেন।

প্রথম দুই বলেই ফেরেন মার্টিন গাপটিল ও উইল ইয়ং। মার্ক আডায়ারের বোলিংয়ের তোপে এমন বাজে অবস্থার মধ্যে পড়েও ‘কঠিনেরে জয়’ করেই জয়ের বন্দরে পৌঁছেছে নিউজিল্যান্ড। অথচ লক্ষ্যটা তেমন কঠিন ছিল না!

মিচেল ব্রেসওয়েল দ্বিতীয় ম্যাচেও নায়ক
ছবি: ব্ল্যাকক্যাপস

ডাবলিনের এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড ৪৮ ওভারে ২১৬–তেই গুটিয়ে যায়। জর্জ ডকরেলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৪। এ ছাড়া অ্যান্ডি ম্যাকব্রায়ান ২৮, আডায়ার ২৭, ক্যাম্পহার ২৫, টাকার ১৯ ও সিমি সিং ১৬ রান করেন।

ম্যাচটা যদিও ৭১ বল হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু শুরুর বিপর্যয়ের সময় কে ভেবেছিল যে জয় শেষ অবধি এত সহজে আসবে! গাপ্টিল আর ইয়ংকে প্রথম দুই বলে হারানো নিউজিল্যান্ডের মুখ রক্ষা করেন ফিন অ্যালেন ও টম ল্যাথাম। দুজনই অর্ধশতক করেছেন। প্রথম ম্যাচের নায়ক মিচেল ব্রেসওয়েল ৪০ বলে ৪২ রান করে এদিনও জয়ের নায়ক। ৩৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান তুলে কিউইরা ম্যাচের পাশাপাশি সিরিজও জিতে নেয়।