নিউজিল্যান্ডের কাঁধে বৃষ্টি আইনের বোঝা!

নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা হয়নি দুই দলের কারোরই। অকল্যান্ডের ইডেন পার্কের প্রথম সেমিফাইনাল তাই বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে নতুন এক ফাইনালিস্টকে খুঁজে পাওয়ার লড়াইও। সেই লড়াইয়ে আপাতত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি নিউজিল্যান্ড। ফাইনালে উঠে দেশের মানুষকে আনন্দে ভাসাতে যে তাদের করতে হবে ৪৩ ওভারে ২৯৮! বৃষ্টি-বিঘ্নিত এই ম্যাচে প্রোটিয়ারা নির্ধারিত ৪৩ ওভারে ২৮১ করলেও ডাকওয়ার্থ ও লুইস সাহেবের গাণিতিক হিসাবে কাটাকুটিতে কিউইদের লক্ষ্যমাত্রা বেড়ে গেছে ১৭ রান। চ্যালেঞ্জটা অমূলক না হলেও কঠিন, এতে কোনো সন্দেহ নেই।
টস জয়ী দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্টের তোপে কেঁপে গিয়েছিল। দলীয় ৩০ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে বিপদের মধ্যেই পড়েছিল তারা। কিন্তু ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স ও রাইলি রুশোর দুর্দান্ত ব্যাটিংয়ে চাপ সামলে পাল্টা আক্রমণটা ভালোই করেছে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসি ৮২, ভিলিয়ার্স ৬৫ ও রুশো ৩৯ রান করলেও দুর্দান্ত কাজটা করেছেন ‘দ্য কিলার’ ডেভিড মিলার। বৃষ্টি-বিরতির পর শেষ পাঁচ ওভারে তিনি ঝড় তুলেছিলেন ইডেন পার্কে। তাঁর ১৮ বলে ৪৯ রানের ‘ঝড়’টিই নিউজিল্যান্ডকে ফেলে দিয়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে।
নিউজিল্যান্ডের সবচেয়ে ‘সফল’ বোলার কোরি অ্যান্ডারসন। ৭২ রানে তাঁর সংগ্রহ ৩ উইকেট। ৫৮ রানের বিনিময়ে ২ উইকেট ট্রেন্ট বোল্টের।