নিউজিল্যান্ডের কাছে পাত্তাও পেলেন না সালমা-জাহানারারা

সুজি বেটসের ব্যাটে উড়ে গেছে বাংলাদেশছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ২৭ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের স্কোরটা খারাপ হয়নি—৮ উইকেটে ১৪০। কিন্তু তারপরও নিউজিল্যান্ডের সামনে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বাংলাদেশের মেয়েরা।

ঝড়ের বেগে রান তুললেন নিউজিল্যান্ডের তিন ব্যাটার। আর তাতে সীমানার বাইরে থেকে বল কুড়িয়ে আনতে আনতেই ক্লান্ত সালমা-জাহানারারা। ২০ ওভারে ১৪৪ তুলে ফেলা নিউজিল্যান্ড হেসেখেলে ম্যাচটা জিতে গেল ৯ উইকেটেই।

বৃষ্টির কারণে চার ঘণ্টা দেরিতে মাঠে নেমেছিলেন দুই দলের মেয়েরা। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। দুই ওপেনার ফারজানা হক আর শামীমা সুলতানার ব্যাটে চড়ে ১৪০ তোলে বাংলাদেশ। পরে ব্যাটিং করতে নেমে শুরুতেই অধিনায়ক সোফি ডিভাইনের উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। সালমা খাতুনের বলে বোল্ড হন তিনি।


বাংলাদেশের সাফল্য অতটুকুই। এরপর ওয়ান ডাউনে নামা অ্যামেলিয়া কেরের সঙ্গে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন সুজি বেটস। ৬৮ বলে ৮টা চারের সাহায্যে ৭৯ রান করেন বেটস। ওদিকে ৩৭ বলে ৫টি চার মেরে ৪৭ রান তোলেন অ্যামেলিয়া বেটস। বাংলাদেশের বোলারদের মধ্যে এক ফারিহা তৃষ্ণা ছাড়া প্রত্যেকেই ওভারপ্রতি ছয়ের ওপর রান দিয়েছেন।

বাংলাদেশের বোলারদের উড়িয়ে অসাধারণ এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন সুজি বেটস। মেয়েদের বিশ্বকাপে এক হাজার রান হয়ে গেল তাঁর। এক হাজার রান করতে ২১ ইনিংস লেগেছে ডানহাতি এই ব্যাটারের। তাঁর চেয়ে দ্রুতগতিতে বিশ্বকাপে আর কেউ হাজার রান তুলতে পারেননি। আগে এ রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের, হাজার রান ছুঁতে ২২ ইনিংস লেগেছিল তাঁর।


স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাংলাদেশের ব্যাটিংটা বেশ ভালোভাবেই শুরু করেছিল। ফারজানা হক ও শামীমা সুলতানা উদ্বোধনী জুটিতে রান তোলেন ৫৯। তা-ও ওভারপ্রতি ছয়ের ওপর রান তুলে। শামীমা ৩৬ বলে ৩৩ করেন চারটি বাউন্ডারিতে।

ফারজানা-শামীমার কল্যাণে শুরুটা ভালোই হয়েছিল
ছবি : আইসিসি

ফর্মে থাকা ফারজানা হক পেয়েছেন অর্ধশতক। তিনি ৬৩ বলে ৫২ করেছেন। তবে বাউন্ডারি মারার দিক দিয়ে আজ তাঁর অরুচি লক্ষণীয় ছিল, ইনিংসে মাত্র একটি বাউন্ডারি মেরেছেন। উদ্বোধনী জুটির পর আর কেউই বাংলাদেশের সংগ্রহকে বড় করে তোলার জন্য বেশিক্ষণ ক্রিজে থাকেননি। নিউজিল্যান্ডের পক্ষে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যামি স্যাটারদওয়েট। একটি করে উইকেট নিয়েছেন ফ্রান্সের ম্যাকি ও হ্যালি জ্যানসেন।


সাত দিন পর পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যে পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে একবার হেরেছে বাংলাদেশ।