নিউজিল্যান্ডের দরকার ৪৭, শ্রীলঙ্কার ৫ উইকেট

হ্যামিল্টনের সেডন পার্কে আক্ষরিক অর্থেই চলছে বোলারদের রাজত্ব। কোনো নির্দিষ্ট দলের বোলার নয়, হ্যামিল্টনে প্রভাব বিস্তার করেছেন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড—দুই দলের বোলাররাই। বোলারদের দাপটেই তৃতীয় দিনের শেষে হ্যামিল্টন টেস্টের ফল অবশ্যম্ভাবীই। চতুর্থ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের ৪৭ রান প্রয়োজন; লঙ্কানরাও কম যায় না, কোনো মতে কিউইদের ৫ উইকেট ফেলে দিতে পারলেই এই টেস্ট জেতার সম্ভাবনা আছে তাদেরও।
তৃতীয় দিনের সবচেয়ে বড় ঘটনা শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়। প্রথম ইনিংসে নিজেরা ২৯২ রান করে নিউজিল্যান্ডকে ২৩৭ রানে অলআউট করেও দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ সাকল্যে ১৩৩। ৫৫ রানের লিড নিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা এখন হারের মুখেই পতিত। অথচ দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার শুরুটা ছিল কতই না প্রতিশ্রুতির।
৭১ রানের উদ্বোধনী জুটি। সব কটি উইকেট হাতে নিয়ে লিড ১২৬—দেখতে মন্দ লাগছিল না। ৪৬ রান এসেছে মেন্ডিসের ব্যাট থেকে। করুণারত্নের ২৭। ভালো একটা উদ্বোধনী জুটির পর কোথায় বাকিরা চাপমুক্ত থেকে খেলবেন, উল্টো দুই উদ্বোধনী ব্যাটসম্যানের পর বাকি ব্যাটসম্যানরা খেই হারিয়ে বসলেন। জয়াসুন্দরা, চান্ডিমাল, ম্যাথুস—কেউই নামের প্রতি সুবিচার করলেন না। মিলিন্দা সিরিবর্ধনা টেনেটুনে ২৬ রান করলেন, কিন্তু টেইলএন্ডের পাঁচ ব্যাটসম্যান, ভিতানাগে, হেরাথ, জামিরা, লাকমাল, প্রদীপ—সবাই মিলে যোগ করলেন মাত্র ১২ রান। ৩৬.৩ ওভারেই খেলাটা পুরোপুরিই নিউজিল্যান্ডের হাতে তুলে দিল শ্রীলঙ্কা। টিম সাউদি ২৬ রানে ৪ উইকেট নিয়ে মেরুদণ্ডটা ভেঙে দেন লঙ্কানদের। নেইল ওয়াগনার নেন ৪০ রানে ৩টি। দুটো উইকেট পেয়েছেন ডগ ব্রেসওয়েল।
হাতে আড়াই দিন রেখে ১৮৯ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড যদি সহজ জয়ের স্বপ্ন দেখে থাকে, তাহলে তারা বেশ ভুলই করেছিল। হ্যামিল্টনের বোলিং সহায়ক উইকেটে যে লঙ্কান বোলাররাও কম যান না, সেটা আবারও প্রমাণিত হল। শুরুতেই দুষ্মন্ত চামিরার বোলিং তোপে দিশেহারা নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিংকে পরীক্ষায় ফেলা এই চামিরাই আগুন হয়ে ঝরলেন দ্বিতীয় ইনিংসে। ৪৫ রানে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নিউজিল্যান্ডকে অবশ্য পথ দেখাচ্ছেন কেন উইলিয়ামসন। ৭৮ রানে অপরাজিত থেকে দলের জয়ের দায়িত্ব যেন কাঁধে তুলে নিয়েছেন তিনি একাই। রস টেলর করেছেন ৩৫, ১৮ রানে সাজঘরে ফিরেছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টেলর-ম্যাককালামকে তো ফিরিয়ে দিয়েছেনই, চামিরার হাতে বধ মার্টিন গাপটিল আর টম লাথামও। লঙ্কানদের অন্য উইকেটটি সুরাঙ্গা লাকমালের।
টেস্টের বাকি এখনো দুদিন। তবে খেলার ফল জানা যাবে চতুর্থ দিন প্রথম সেশনেই। কিন্তু কে জিতবে, সেটা এখনই বলে দেওয়া যাচ্ছে না। নিউজিল্যান্ডের যেমন রয়েছেন উইলিয়ামসন, শ্রীলঙ্কাও তেমনি তৈরি থাকবে চামিরাকে নিয়ে। রোমাঞ্চকর একটা সকালের প্রত্যাশা তো করাই যায়। সূত্র: এএফপি।