
বড়দের বিশ্বকাপ হলে এটিকে ‘বিরাট অঘটন’ বলা হতো। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোনো জয়-পরাজয়ই অঘটন নয়। সামর্থ্য বিচারে কেউ উনিশ আর কেউ বিশ। উল্টো বড়দের ক্রিকেটে ক্ষুদ্রশক্তির দল এখানে হয়ে ওঠে বড়।
নিউজিল্যান্ড যুবদলের বিপক্ষে যেমন এর আগে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় আছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের। এবারও জিতল নেপাল। তবে প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় ফতুল্লা স্টেডিয়ামে কালকের নেপালের ৩২ রানের জয়টা এক দিক দিয়ে অঘটন। নেপাল দলটি এবার একেবারেই অনভিজ্ঞ। প্রথম ম্যাচে খেলা দলের ১১ জনেরই যুব ওয়ানডেতে অভিষেক হলো কাল।
দিনের অন্য ম্যাচগুলোতে প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছে উপমহাদেশীয় ক্রিকেটের তিন ‘বড়’র ছোট দলেরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়েছে ভারতের যুব দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তান অনূর্ধ্ব-২৯ দলের বিপক্ষে পাকিস্তান জিতেছে ৬ উইকেটে। সবচেয়ে দাপুটে জয়টা পেয়েছে শ্রীলঙ্কার যুবারা। কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে তারা হারিয়েছে ১৯৬ রানের বিশাল ব্যবধানে।
নেপালের ২৩৮ রান একসময় সহজ লক্ষ্যই মনে হচ্ছিল নিউজিল্যান্ডের জন্য। কিন্তু ইনিংসের ৩৯তম ওভার থেকে মিলিয়ে যেতে থাকে সম্ভাবনা। মাত্র ৬২ রানে শেষ ৫ উইকেটের পতন ছিটকে দেয় কিউইদের। এর মধ্যে শেষ ৩ উইকেট পড়েছে মাত্র চার বলের ব্যবধানে, ৪৭ তম ওভারে যার দুটিই নিয়েছেন নেপালের পেসার দীপেন্দ্র সিং আইরি।
সকালের কুয়াশাভেজা উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবে ভেবেই টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক জ্যাক টেকটর। প্রথম ওভারে ভারতের অধিনায়ক-ওপেনার ইশান কিষানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে প্রাথমিক সাফল্যও এনে দেন বাঁহাতি পেসার জশুয়া লিটল। ১৭ ওভারের মধ্যে আরও তিন ব্যাটসম্যানের বিদায় ভারতকে বিপদেই ফেলে দিচ্ছিল। পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়ে ত্রাণকর্তা হয়ে এলেন সরফরাজ খান (৭৪) ও ওয়াশিংটন সুন্দর (৬২)।
ভারতের দুই ফিফটির জবাবে আয়ারল্যান্ডের হয়েও দুই ফিফটি করেছেন লরকান টাকার (৫৭) ও উইলিয়াম ম্যাকলিনটক (৫৮)। কিন্তু বাকিদের ব্যর্থতায় দেওয়া যায়নি ভারতের ২৬৮ রানের জবাব। যুব ওয়ানডেতে এটি ভারতের টানা একাদশ জয়।
দিনের সবচেয়ে অসম দুটি লড়াই হয়েছে সিলেটে। জেলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি কানাডার যুবারা। শ্রীলঙ্কার ৬ উইকেটে করা ৩১৫ রানের জবাবে ১০ ওভার ৪ বল বাকি থাকতেই ১১৯ রানে অলআউট হয়ে গেছে কানাডা। ব্যাটিং-বোলিং দুটিতেই পাকিস্তানের সাফল্যটা দলীয়। ফিফটি করেছেন চারজন, বল হাতে ২ উইকেট করেও নিয়েছেন চারজন।
জেলা স্টেডিয়ামের কম রানের ম্যাচে ১২৬ রানে অলআউট হয়ে গেছে আফগান যুবারা। পাকিস্তানের ১৭ বছর বয়সী লেগ স্পিনার শাদাব খান ৫ ওভারে মাত্র ৯ রানে নিয়েছেন ৪ উইকেট। আফগানিস্তানের বোলারদের সামনে এই রান করতেই অবশ্য ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের ১৩ রানে অধিনায়ক ও ওপেনার গওহর হাফিজের বিদায়ের পর ১০২ রানের মধ্যে পড়েছে আরও ৩ উইকেট। তবে লক্ষ্যটা ছোট হওয়ায় জয়ের আনুষ্ঠানিকতা সহজেই সেরে ফেলেছে গতবারের রানার্সআপরা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড-নেপাল, ফতুল্লা
নেপাল অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৮/৭ (রাইজাল ৪৮, আরিফ ৩৯, সুনার ৩৯, ভুর্তাল ৩৫*; স্মিথ ৩/৫৮)। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৭.১ ওভারে ২০৬ (গ্লেন ফিলিপস ৫২, ডেল ফিলিপস ৪১, ফিনি ৩৭; আইরি ৩/২৪, তামাং ২/৩৮)। ফল: নেপাল ৩২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রাজু রাইজাল।
পাকিস্তান-আফগানিস্তান, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪১.২ ওভারে ১২৬ (তারিক ৫৩; সাদাব ৪/৯, মহসিন ৩/২৪)। পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩১.৩ ওভারে ১২৯/৪ (জিশান ২৯, মহসিন ২৮*; জিয়া ২/৩১)। ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হাসান মহসিন।
শ্রীলঙ্কা-কানাডা, সিলেট জেলা স্টেডিয়াম
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৩১৫/৬ (আসালাঙ্কা ৭৬, আশান ৭৪, বান্দারা ৬১, রান্ডিকা ৫১; হাসিব ২/৬৫)। কানাডা অনূর্ধ্ব-১৯: ৩৯.২ ওভারে ১১৯ (আর্সলান ৪২*; দামিথা ২/১৬, নিমেশ ২/১৯, ফার্নান্ডো ২/১৯, কুমারা ২/২২)। ফল: শ্রীলঙ্কা ১৯৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: চারিথ আসালাঙ্কা।
ভারত-আয়ারল্যান্ড, মিরপুর
ভারত অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৬৮/৯ (সরফরাজ ৭৪, সুন্দর ৬২, ভুই ৩৯, আনসারি ৩৬; অ্যান্ডারস ৩/৩৫, লিটল ৩/৫২)। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৮৯ (ম্যাকলিনটক ৫৮, টাকার ৫৭; বাঠাম ৩/১৫, আবেশ ২/২৪, লমরর ২/২৮)। ফল: ভারত ৭৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সরফরাজ খান।