নিউজিল্যান্ডের ফিল্ডিংয়ের কাছে হেরেছে বাংলাদেশ

>বাংলাদেশের সঙ্গে কাল নিউজিল্যান্ডের মূল পার্থক্যটা গড়ে দিয়েছেন কিউই ফিল্ডাররা। এমনটাই মনে করেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু দলটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের চেয়ে কিছুটা কম শক্তিশালী তাই খুব করেই চাচ্ছিলাম বাংলাদেশ ম্যাচটা জিতুক। জয় পেলে অনেক দূর এগিয়ে যাওয়া যেত। তারপরেও মাত্র ২৪৪ রান নিয়ে মাশরাফির দল শেষপর্যন্ত যেভাবে লড়াই করল, সে জন্য বড় একটা ধন্যবাদ তারা পেতেই পারে।
কাল টসে হেরে ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য খুবই ভালো সুযোগ। অনেকেই বলবেন মেঘলা আবহাওয়া আর নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের সামনে টস হারাটা দুর্ভাগ্যজনক ছিল, কিন্তু আমি বলব ব্যাটিং পেয়ে ভালোই হয়েছিল। উইকেটটা ছিল খুবই ফ্রেশ। শুরু দিকে ব্যাটে বল ভালোই আসছিল। আমাদের সমস্যা হচ্ছে নিয়মিত বিরতিতে আমরা উইকেট হারিয়েছি। স্কোরবোর্ডে সংগ্রহটা লড়িয়ে হলেও সেটি নিউজিল্যান্ডের মতো দলকে ঠেকানোর মতো যথেষ্ট ছিল না। কাল বাংলাদেশ যদি নিদেনপক্ষে ২৭০-২৭৫ রান তুলতে পারত, তাহলে নিউজিল্যান্ড চাপে থাকত আরও অনেক বেশি। ফলও অন্যরকম হতে পারত।
ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত করেছিল তামিম ইকবাল ও সৌম্য সরকার। দারুণ সাবলীল ছিল। কিন্তু দুজনই উইকেট দিয়ে এসেছে। সাকিব দারুণ ফর্মে আছে। সে কালও সেটি দেখিয়ে দিয়েছে। তবে সাকিব আর মুশফিকের মধ্যে খুব কঠিন পরিস্থিতিতে যে জুটিটা গড়ে উঠেছিল, সেটি বড় হতে না পারায় আমরা বড় সংগ্রহের ভিতটা গড়তে পারিনি। মুশফিকুর রহিমের রান আউটটা ম্যাচর একটা বড় টার্নিং পয়েন্ট। এমন একটা সময়ে সে আউট হয়েছে, যখন দুজনই উইকেটে সেট, যখন রান বাড়িয়ে নেওয়ার সময় এসে গেছে।
মোহাম্মদ মিঠুন আউট হয়েছে দৃষ্টিকটুভাবে। মাহমুদউল্লাহ কাল নিজের মধ্যে ছিল না। আমাদের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল রানিং বিটুইন দ্য উইকেট। বাউন্ডারির সব পথ যখন বন্ধ করে দিয়েছিল নিউজিল্যান্ডের ফিল্ডাররা, তখন এক রান-দুই রান করে নেওয়াটা খুব জরুরি ছিল। আমি আগের দিন সেটিই লিখেছিলাম। ব্যাটসম্যানরা রানের চাকা যদি সিঙ্গেলসের ওপর সচল রাখতে পারে, তাহলে বোলাররা ক্লান্ত হয়ে পড়বেই। বাংলাদেশ কাল নিউজিল্যান্ডের বোলারদের একেবারেই ক্লান্ত করতে পারেনি। প্রচুর ডট বল আমাদের সংগ্রহটাকে বড় হতে দেয়নি। নিউজিল্যান্ডের ফিল্ডিংয়ের প্রশংসা না করলে মহা অন্যায় হবে। মাঠে দাঁড়িয়ে ওরা কমপক্ষে ৩০-৪০ রান বাঁচিয়েছে। ওদের ফিল্ডিংয়ের কাছেই হেরেছি আমরা। কিউই বোলাররা ঠিকঠাক লাইন-লেংথ বজায় রেখে বোলিং করে গেছে গোটা ইনিংসই। বাংলাদেশের ব্যাটসম্যানদের টেম্পারামেন্টে বেশ কিছুটা ঘাটতি দেখেছি।
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে বল হাতে আমাদের শুরুটা ভালোই হয়েছিল। আমরা তো দশ ওভারের মধ্যে নিউজিল্যান্ডের দুটি উইকেট ফেলে দিয়েছিলাম। গাপটিল আর মানরোকে ফিরিয়েছিলাম আগেভাগেই। কিন্তু উইলিয়ামসন আর টেলরের জুটিটাই আমাদের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়েছে। নিউজিল্যান্ডকে নিয়ে গেছে নিরাপদ জায়গায়। এ প্রসঙ্গে মুশফিকুর রহিমের সেই ভুলটির কথা আনতেই হবে। উইকেটকিপিংয়ের বেসিক হচ্ছে থ্রোয়ের সময় তাকে স্টাম্পের পেছনে দাঁড়াতে হবে। মুশফিক সেটি করেনি। সে যেটা করতে চেয়েছিল, সেটা হচ্ছে আগেভাগে বলটা ধরে স্টাম্প ভেঙে দিতে। এমনটা করতে গিয়ে সে তাড়াহুড়ো করেই বিপদটা ডেকেছে। শরীরে লেগে স্টাম্প ভেঙে গেছে। আক্ষেপ তো হয়ই। রান আউটটা হয়ে গেলে উইলিয়ামসন ফেরেন মাত্র ৬ রানে। টেলরের সঙ্গে তাঁর জুটিটাও বড় হয় না। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিতে পারতাম। যা হোক, এসব খেলারই অংশ, ম্যাচে অনেক সময় অনেক কিছুই ঘটতে পারে। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ পড়তে পারে, মুশফিকের ভুলটাকে না হয়, সেভাবেই ধরে নিই আমরা।
একটা বিষয় বলতে চাই আমি। সেটি মুশফিকের কিপিং করা নিয়েই। সে আমাদের দলের সেরা ব্যাটসম্যান। কিপিং তাঁর ওপর বাড়তি বোঝা কিনা, সেটা দেখা দরকার। এ বিষয়ে মুশফিকের সঙ্গে আলোচনায় বসতে পারে টিম ম্যানেজমেন্ট। তাঁর সমস্যাগুলো জানা দরকার।
বাংলাদেশের স্পিন বোলিং ভালোই হয়েছে কাল। তবে আমি সত্যিকার অর্থে চিন্তিত পেস বোলিং নিয়ে। খুবই নখদন্তহীন দেখাচ্ছে গতি আক্রমণকে। মাশরাফির কাছ থেকে দুর্দান্ত কিছুই চাই আমি। সে সামর্থ্য তাঁর অবশ্যই এখনো ফুরিয়ে যায়নি। মোস্তাফিজও ঠিক তাঁর মধ্যে নেই। সাইফউদ্দীন শেষের দিকে রিভার্স সুইং পেয়েছে, কিন্তু শুরুতে সে ছিল খরচে। মোটকথা পেস বোলিং আক্রমণ নিয়ে কিছুটা ভাবনার অবকাশ রয়ে যাচ্ছেই।
বাংলাদেশ দলে একটা ঘাটতি আমার চোখে পড়েছে। সেটি হচ্ছে একজন ‘অ্যাওয়ে স্পিনারে’র অভাব। মানে ডান হাতি ব্যাটসম্যানের অফ স্টাম্পের ওপর দিয়ে যে বোলার বাইরে নিতে পারে। কাল সাকিবের সঙ্গে এমন কেউ থাকলে আমরা নিশ্চিত করেই ম্যাচটা জিততাম।
যা হোক, যা হওয়ার হয়েছে। লড়াইটা তো হয়েছে। এই লড়াকু মনোভাবই পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের পাথেয় হোক। সেই সঙ্গে নিউজিল্যান্ড ম্যাচের ভুলগুলো আমরা শুধরে নেব—এ আশাই থাকবে।