নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জটা ভিন্ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

অন্যান্য সময় ম্যাচের দিন সকাল থেকেই চাপা উত্তেজনা কাজ করে আমার মনে। কিন্তু গত পরশু ভিন্ন অনুভূতি ছিল। ঘুম থেকে উঠে মনে হচ্ছিল, মাঠে যাব, খেলা দেখব, বাংলাদেশ জিতবে, তারপর হোটেল ফিরে আসব। মনে হচ্ছিল, আমাদের হারার কোনো সুযোগই নেই।
ওভালে পৌঁছে দেখলাম ক্রিকেটারদের শরীরী ভাষা ইতিবাচক। সবাই রুটিন কাজ করছে। ম্যাচ নিয়ে কারও মধ্যে কোনো দ্বিধা-সংশয় নেই। ম্যাচের আগে ওয়ার্মআপে বাড়তি কিছু নেই। প্রতিপক্ষ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ক্ষুধার্ত দক্ষিণ আফ্রিকা, হাসিখুশি বাংলাদেশ দলকে দেখে সেটা বোঝার উপায় রইল না।

সৌম্য ও তামিম ৬০ রান তুলে ফেলে খুব দ্রুতই। সৌম্যর ব্যাটে বল লাগছিল শুরু থেকেই। তামিম চেনা ছন্দে ছিল না। একদিন এমন যেতেই পারে। কিন্তু প্রথম উইকেটে ৫০ ছাড়ানো রান, সেটিও কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির বিপক্ষে, আপনি এমন দারুণ সূচনাই পেতে চাইবেন। সাকিব-মুশফিকের জুটি ম্যাচের বাঁক বদলে দিয়েছে। দুজনই ছিল আত্মবিশ্বাসী। ওদের অভিজ্ঞতার কাছে দক্ষিণ আফ্রিকার বোলিং ম্রিয়মাণ লেগেছে। দুজনের একজন সেঞ্চুরি পেলে ভালো লাগত। তবে সামনে পেতেই পারে।

বাংলাদেশের শেষটা ছিল ধারাবাহিকতার প্রতীক। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই শেষ পাঁচ ওভারের ব্যাটিংটা ভালো হচ্ছে। রিয়াদ, মোসাদ্দেক ভালো করছে। বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রেখেছে ওরা। শেষের দিকে বাংলাদেশ দ্রুত কিছু রান পেয়েছে রিয়াদের ব্যাট থেকে। মনে হচ্ছে রিয়াদের ইনিংসটাই বাংলাদেশকে এগিয়ে দিয়েছে। তবে সবচেয়ে ইতিবাচক দিক, প্রথম ইনিংসে ৩৩০ রান করার পেছনে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে আলাদা কৃতিত্ব দিতে হচ্ছে না। সবাই ভালো করেছে। সৌম্য, মোসাদ্দেকের মাঝারি মানের ইনিংসগুলোর ভূমিকা রেখেছে।

প্রথম ওভারে বোলিংয়ে মিরাজকে দেখে অবাক হইনি। উইকেটে হালকা গ্রিপ ছিল। ওদের ওপেনার কুইন্টক ডি কক রানের মধ্যে থাকায় ওর জন্য মিরাজ ছিল আদর্শ বোলার। হাতে বড় পুঁজি থাকলেও নতুন বলে উইকেট দরকার ছিল বাংলাদেশের। সেটা মনে রেখে মিরাজ-মোস্তাফিজরা শুরু থেকেই চেপে ধরে প্রোটিয়াদের। হাত খুলে খেলার সুযোগ দেয়নি ওদের।

মোস্তাফিজুর রহমানকে ভালো গতিতে বল করতে দেখে ভালো লেগেছে। ও প্রমাণ করেছে, ১৪০ কিলোমিটারের আশপাশে বল করলে সবারই সমস্যা হয়। মোস্তাফিজের মতো এমন একজন দলে থাকা মানে বাংলাদেশের জন্য ইতিবাচক। আমাদের ধারণা, ফাস্ট বোলিংয়ে শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদেরই সমস্যা হয়। কিন্তু ব্যাপারটা তা নয়। কোনো ব্যাটসম্যানই ১৪০ কিলোমিটার বেগের বল খেলতে চাইবে না।

বাংলাদেশ দল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে মাঠে। আগে সব সময় যেটা হতো না। দেখা যেত, আমরা ৫০-৬০ ভাগ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি। এখন সেটা ৮৫-৯০ ভাগে এসেছে। অনেকে বলছেন, আমাদের খেলায় পেশাদারি ছোঁয়া ছিল। অবশ্য এটা অনেক দিন ধরেই দেখাচ্ছে বাংলাদেশ। গত বিশ্বকাপেও আমরা এভাবে ব্যাট করেছিলাম। আমরা নিজেদের সামর্থ্য নিয়ে গর্ববোধ করি না। আমাদের উচিত নিজেদের শক্তির ওপর আস্থা রাখা। ভালো লাগল, এমন জয়েও বাংলাদেশ দলকে উচ্ছ্বাসে গা ভাসাতে না দেখে। চাপা উত্তেজনাটা কেউই প্রকাশ করেনি। আমরা আগে জিতলেই দৌড়াদৌড়ি শুরু করতাম, এখন আর সেটা নেই। এখন দল জিততে জিততে অভ্যস্ত।

দক্ষিণ আফ্রিকাকে ২০১৯ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো হারাল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে প্রথমবারের মতো হারায়। সেই দলের ছিলাম আমি। সেই জয়ের স্মৃতিটা পরশু ফিরে আসে আমার মনে। তবে এই জয়টি আলাদা। বিশ্বকাপে প্রথম ম্যাচ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, এর চেয়ে বড় জয় আর হয় নাকি!

আগামীকাল সামনে নিউজিল্যান্ড। একই মাঠে (ওভালে) খেলা, তবে ভিন্ন উইকেটে। চ্যালেঞ্জটাও ভিন্ন হবে। ওভালের উইকেট সব সময়ই ব্যাটিংবান্ধব। তাই টসটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। দিবারাত্রির ম্যাচ হলেও নয়। আশা করছি, দক্ষিণ আফ্রিকা ম্যাচে যে দারুণ নৈপুণ্য দেখিয়েছে মাশরাফির দল, সেটি ধরে রাখবে নিউজিল্যান্ড ম্যাচেও, শুভকামনা।