নিউজিল্যান্ডের বোলিংয়ে বিধ্বস্ত আফগানিস্তান

নিউজিল্যান্ডের ধারালো বোলিংয়ে বিধ্বস্ত হয়েছে আফগানিস্তান। তবে কিছুটা হলেও বুক চিতিয়ে লড়েছেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। ৪৭ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে আফগানিস্তান তোলে ১৮৬ রান।
আজ রোববার নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। কিন্তু শুরুতেই বিপর্যয়। ৫ ও ৬ রানের মাথায় দুটি উইকেট হারিয়ে বসে আফগানরা।
বোল্টের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন জাভেদ আহমাদি। তৃতীয় ওভারের প্রথম বলে ভেট্টরির বলে সরাসরি বোল্ড হন উসমান গনি। ৫৯ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারায় আফগানরা। এরপর রুখে দাঁড়ান জাদরান। তাঁর অর্ধশতকে কিছুটা বিপর্যয় সামলে ওঠে আফগানিস্তান। দলীয় ১৪৫ রানের মাথায় তিনিও ফিরে যান। ৫৬ বলে ৫৬ রান তুলে ভেট্টরির ক্যাচে পরিণত হন জাদরান। এরপর আফগান ব্যাটসম্যানরা শুধু মাঠে গেছেন আর ফিরেছেন।
আজ বিশ্বকাপ ক্রিকেটের ৩১তম ম্যাচে প্রথম কিউই খেলোয়াড় হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুয়েছেন ভেট্টরি।