প্রথম ওয়ানডেতে চার শর বেশি রান করে জিতেছিল ইংল্যান্ড। পরশু ওভালে নিউজিল্যান্ড জিতল ৩৯৮ করে। প্রথম ম্যাচে প্রতিপক্ষের রানের পাহাড় তাড়া করতে নেমে নিউজিল্যান্ড রানে চাপা পড়লেও দ্বিতীয় ম্যাচ দেখল শ্বাসরুদ্ধকর সমাপ্তি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৩ রানে হারলেও ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’ মানসিকতা ঠিকই দেখিয়েছে ‘নতুন’ ইংল্যান্ড।
অথচ এমন রুদ্ধশ্বাস সমাপ্তি ভাবাই যায়নি। ৩৯৯ রান তাড়ায় ১৬৩ রান তুলতে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে ইংল্যান্ড। পঞ্চম উইকেট জুটিতে জস বাটলারের (৪১) সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান (৮৮) ৯৬ রান করে বিপর্যয় সামলান। কিন্তু এরপর দ্রুতই ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড হয়ে পড়ে ২৭৫/৭। রস টেলরের ত্রয়োদশ সেঞ্চুরি (১১৯*) এবং কেন উইলিয়ামসনের ফিফটিতে (৯৩) নিউজিল্যান্ডের চার শ ছুঁই-ছুঁই স্কোরের জবাবে এ অবস্থায় ইংল্যান্ডে হারই ছিল ম্যাচের অনুমিত পরিণতি। তবে হারের আগে ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে দেয় আদিল রশিদ (২৬ বলে ৩৪) ও লিয়াম প্লাঙ্কেট (৩০ বলে ৪৪) ঝোড়ো ব্যাটিং। এই রুদ্রপ্রতাপ জুটিকে থামিয়ে দেয় বৃষ্টি। বৃষ্টির আগে ৩৭ বলে জয়ের জন্য যেখানে ৫৪ করতে হতো ইংল্যান্ডকে, সেখানে বৃষ্টির পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৩ বলে ৩৪। আদিল রশিদ তবু আশা দেখাচ্ছিলেন ইংল্যান্ডকে। নাথান ম্যাককালামের অফ স্পিনে সাউদি ও বোল্টের যৌথ প্রচেষ্টায় ক্যাচ হয়ে যখন ফেরেন রশিদ, বল বাকি ছয়টি। লং অনের ওপর দিয়ে তুলে মারা বলটিকে বাউন্ডারি লাইনে টিম সাউদি ‘ক্যাচ’ বানালেও সীমানাদড়ি ছুঁয়ে ফেলার আশঙ্কায় ছুড়ে দেন ভেতরের দিকে। সেটিই তালুবন্দী করেন বোল্ট। এই ক্যাচই কার্যত নিশ্চিত করে দেয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ৩০০তম জয়।
এই জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ১-১-এ সমতা। পরের ম্যাচ আজই, সাউদাম্পটনে। ক্রিকইনফো।
এই ম্যাচে
দুই দলের মোট রান ৭৬৩। ইংল্যান্ডের মাটিতে যা সর্বোচ্চ।
৩৯৮ রান নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এবং ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ।
ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি ২৭ ছক্কার ম্যাচ।
৯৭ রান দিয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের সবচেয়ে খরুচে বোলারের স্টিভ হার্মিসনের রেকর্ড (বিপক্ষ শ্রীলঙ্কা, ২০০৬) ছুঁয়ে ফেলেছেন ক্রিস জর্ডান।
প্লাঙ্কেট-রশিদের ৭৬ রান, অষ্টম উইকেট ইংল্যান্ডের রেকর্ডছোঁয়া জুটি।