নিউজিল্যান্ডের লক্ষ্য বাড়ল কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে বিতর্কিত বৃষ্টি আইনের বলি হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আজকের ম্যাচে কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে এই ম্যাচটির শেষ অবধি। ছবিঃ এএফপি
১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে বিতর্কিত বৃষ্টি আইনের বলি হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আজকের ম্যাচে কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে এই ম্যাচটির শেষ অবধি। ছবিঃ এএফপি

স্কোরকার্ড বলছে দক্ষিণ আফ্রিকার বৃষ্টিবিঘ্নিত ইনিংসটি শেষ হয়েছে ২৮১ রানে। বৃষ্টির কারণে দুই দলের জন্যই ৫০ ওভারের খেলা কমিয়ে নিয়ে আসা হয়েছিল ৪৩-এ। সে হিসাবে নিউজিল্যান্ডের লক্ষ্য তো হওয়ার কথা ২৮২! কিন্তু ওভার একই থাকলেও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কিউইদের সামনে লক্ষ্য বেড়ে দাঁড়িয়েছে ২৯৮। ব্যাপারটা বিভ্রান্তি হয়ে এসেছে অনেক সাধারণ দর্শকের জন্যই। কিন্তু ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি সম্পর্কে যাঁদের ভালো ধারণা আছে, সেই দর্শকেরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন নিউজিল্যান্ডের লক্ষ্যটা ১৭ রান বেড়ে গেল কীভাবে!

ব্রিটিশ পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইসের উদ্ভাবিত পদ্ধতিই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যবহার করা হয়ে থাকে। বৃষ্টি বা অন্যান্য কোনো কারণে খেলা শুরু হতে দেরি হলে কিংবা খেলার মাঝখানে এক বা একাধিক বিঘ্ন ঘটলে প্রয়োগ হয় এই নিয়মের। খেলায় ব্যাঘাতের কারণে যেন কোনো দল ‘অন্যায্য’ পরিস্থিতির শিকার না হয় সেটা নিশ্চিত করাই এর কাজ। ১৯৯৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একটি ওয়ানডে ম্যাচে প্রথমবারের মতো ডাকওয়ার্থ-লু‌ইস পদ্ধতির ব্যবহার করা হয়েছিল।

এই নিয়মে খেলা শুরুর আগে কোনো কারণে দেরি হলে দুই দলের ক্ষেত্রেই নির্ধারিত ওভার কমিয়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে টার্গেট নির্ধারণের ক্ষেত্রে রানের কোনো তারতম্য ঘটবে না। এর কারণ হচ্ছে, দুটো দলের জন্যই সুযোগটা সমান। দুই দলই সমান সংখ্যক ওভার নিয়ে ভাবার সুযোগ পাচ্ছে। এ ক্ষেত্রে শুরু থেকেই খেলা সেই অনুপাতেই চলবে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি কার্যকর হতে হলে ওয়ানডেতে দুটো দলকেই ন্যূনতম ২০ ওভারের খেলা খেলতে হবে।

তবে যদি প্রথম ইনিংসের মাঝখানে বৃষ্টি, আলোর স্বল্পতা কিংবা অন্য কোনো জরুরি অনিবার্য কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় তাহলে ওভার কমানো তো হবেই, এমনকি তখন ‘ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি’ প্রভাব ফেলবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যাট করা দলের লক্ষ্যের নির্ধারণেও। দুটো দল সমান ওভার খেলার সুযোগ পেলেও লক্ষ্যে একটু তারতম্য হবে। এ ক্ষেত্রে বিবেচনায় আনা হবে দুটো দলের করা ওভার, উইকেট, রান রেট ইত্যাদি বিষয়। সাধারণত এমন পরিস্থিতিতে পরে ব্যাট করা দলটির টার্গেট বেড়ে যায়। এটাই ঘটেছে আজ নিউজিল্যান্ডের ক্ষেত্রে।

এর কারণ হচ্ছে, যদি দক্ষিণ আফ্রিকা প্রথম থেকেই জানত যে তাদের জন্য নির্ধারিত আছে ৪৩ ওভার, সে ক্ষেত্রে তাদের ব্যাটিংয়ের ধরনটাও তেমনই হতো। কিন্তু ৩৮ ওভারে এসে তারা জানতে পারে বৃষ্টির কারণে আর পাঁচ ওভারের বেশি খেলার সুযোগ তারা পাচ্ছে না। তাই এখানে দক্ষিণ আফ্রিকার (প্রথমে ব্যাট করা দল) প্রতি ‘সুবিচার’ নিশ্চিত করতেই নির্দিষ্ট একটি হিসাব মিলিয়েই নিউজিল্যান্ডের লক্ষ্যে কিছু বাড়তি সংখ্যা যুক্ত করা হয়েছে।

এখন যদি দ নিউজিল্যান্ডের ইনিংসের আগে কিংবা মাঝখানে খেলায় ব্যাঘাত ঘটে এবং তার ফলে ওভার কমিয়ে আনতে হয় সে ক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইসের কল্যাণে পরে ব্যাট করা দলটির লক্ষ্য কিছুটা কমে আসবে। এ ক্ষেত্রেও বিবেচনায় আনা হবে ওভার, রান রেট, উইকেটের মতো বিষয়গুলো। যতবার খেলা বন্ধ হবে, নিউজিল্যান্ডের লক্ষ্যে সেই অনুপাতেই কমতে থাকবে।