নিউজিল্যান্ডের সেরা ফাস্ট বোলারকে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের
বাংলাদেশ সফরে মূল দলের কাউকে নিয়ে আসছে না নিউজিল্যান্ড। বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না খেলিয়ে বরং কিউইরা বিশ্বকাপের দল থাকাদের আইপিএল খেলতে দেওয়াটাকেই ভালো মনে করছে। তবে বাংলাদেশ সফরে কিছু আনকোরা খেলোয়াড়কে বাজিয়ে দেখার উপলক্ষও বানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এমনই এক আনকোরা খেলোয়াড় বেন সিয়ার্স। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ডেভন কনওয়ের চোখে যিনি কিনা বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার। বাংলাদেশের স্পিন-বান্ধব উইকেটে সিয়ার্স কেমন করেন দেখার বিষয় সেটিই।
মাত্র ১২টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলা সিয়ার্সকে নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটসংশ্লিষ্টরা প্রচণ্ড রকম আশাবাদী। ক্রিকেট মাঠে সিয়ার্সের হার না মানা মনোভাবই ‘ভবিষ্যতের তারকা’ তকমা বসিয়ে দিয়েছে তাঁর নামের পাশে।
মাঠ ও মাঠের বাইরের সিয়ার্সের পার্থক্য বোঝাতে আরও তিনটি শব্দ ব্যবহার করেন তাঁর সতীর্থ ও কোচরা। তাঁর বলেন সিয়ার্সের ‘হোয়াইট লাইন ফিভার’ আছে। যেসব খেলোয়াড় আদতে খুবই নম্র-ভদ্র কিন্তু মাঠে পা দিলেই পুরো উল্টো চরিত্রের হয়ে যান, তাঁদের বোঝাতেই ‘হোয়াইট লাইন ফিভার’ বলা হয়। এরা মাঠে প্রচণ্ড রকম আগ্রাসী আচরণ করেন, বিন্দুমাত্র ছাড় দিতে চান না প্রতিপক্ষকে। আবার যেই না খেলা শেষ, আগের মতো মাটির মানুষ হয়ে যান তাঁরা।
সেই হোয়াইট লাইন ফিভারে ভোগা সিয়ার্স এবারই প্রথম ডাক পেয়েছেন জাতীয় দলে। ২৩ আগস্ট দলের সঙ্গে বাংলাদেশের আসার কথা ২৩ বছর বয়সী পেসারের। মাত্র ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সিয়ার্স বাংলাদেশ সফরে লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনের অভাব বুঝতে দেবেন না বলেই মনে করেন তাঁর সতীর্থরা।
আমাদের দলে বেন সিয়ার্স নামের এক বোলার আছে। সে নিউজিল্যান্ডের সবচেয়ে দ্রুতগতির বোলার, সম্ভবত বিশ্বের অন্যতম দ্রুতগতিরও।
ওয়েলিংটন ফায়ারবার্ডসে তাঁর সতীর্থ ডেভন কনওয়ে তো গত বছরই ঘোষণা দিয়েছিলেন সিয়ার্স আসছেন। দক্ষিণ আফ্রিকার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কনওয়ে কথা বলেন সিয়ার্সকে নিয়ে, ‘আমাদের দলে বেন সিয়ার্স নামের এক বোলার আছে। সে নিউজিল্যান্ডের সবচেয়ে দ্রুতগতির বোলার, সম্ভবত বিশ্বের অন্যতম দ্রুতগতিরও।’
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব পাওয়া গ্লেন পোকন্যালও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সিয়ার্সকে নিয়ে উচ্ছ্বসিত। সিয়ার্সের হার না মানা মনোভাবটাই বেশি পছন্দ পোকন্যালের, ‘আমি হোয়াইট লাইন ফিভার শব্দগুলো বলতে চাই না। তবে বলব সে প্রচণ্ড রকম লড়াকু। সে যদি লড়াকু না হতো ব্লাক ক্যাপস দলে সুযোগ পেত না।’
নিউজিল্যান্ডের স্টাফ পত্রিকাকে পোকন্যাল জানালেন, সিয়ার্সের মধ্যে অনন্ত সম্ভাবনাই দেখছেন তিনি, ‘সে খুব জোরে বল করতে পারে, সে খুব লাজুক ও খুব ভদ্র এক মানুষ। কিন্তু বল হাতে উঠলেই সে প্রতি বলে উইকেট নিতে চায়। যেকোনো বোলারেরই এই মনোভাবটা থাকা দরকার।’
সে জোরে বল করে, সত্যিই জোরে।
নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার শেন বন্ডও মুগ্ধ সিয়ার্সে, ‘হ্যাঁ সে জোরে বল করে, সত্যিই জোরে।' বন্ড কোচিং করিয়েছেন সিয়ার্সকে। শিষ্য জাতীয় দলে ডাক পাওয়ার পর আপ্লুতই হলেন বন্ড, ‘ঘরোয়া ক্রিকেটে ওকে ভালো করতে দেখিছি। এরপর ওর সঙ্গে কাজ করলাম। এখন সে জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমি তাকে নিয়ে রোমাঞ্চিত, আশা করছি সে ভালো করবে।’
বেন সিয়ার্সের বাবা মাইকেল সিয়ার্সও ছিলেন ফাস্ট বোলার। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মাইকেল সিয়ার্স ওয়েলিংটনের হয়ে বোলিং উদ্বোধন করতেন। তবে ছেলের তুলনায় নিজেকে নগণ্য বোলারই মনে করেন সিয়ার্স সিনিয়র। ২০১৬ সালে স্টাফ পত্রিকাতেই ছেলের গতি নিয়ে কথা বলতে গিয়ে মাইকেল সিয়ার্স জানিয়েছিলেন, চার বছর বয়স থেকেই জোরে বল করতে চাইত তাঁর ছেলে।
শুধু গতিটাই অবশ্য সম্বল নয় বেন সিয়ার্সের। আউটসুইংটাও ভালো করেন ১২টি টি-টোয়েন্টিতে ২০ উইকেট নেওয়া এই বোলার। বাংলাদেশের মন্থর উইকেটে সিয়ার্স কতটা কী করতে পারেন দেখা যাক।