নিউজিল্যান্ডের সেরা ম্যাককালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কারটা নগদই পেয়ে গেলেন ব্রেন্ডন ম্যাককালাম। বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেরা সাফল্য এনে দেওয়া কিউই অধিনায়কের হাতেই উঠেছে দেশটির বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি স্যার রিচার্ড হ্যাডলি পদক। ২০১৪-১৫ মৌসুমের জন্যই দেওয়া হয়েছে এই পুরস্কার। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারলেও বিশ্বকাপে আক্রমণাত্মক ব্যাটিং ও আক্রমণাত্মক অধিনায়কত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ম্যাককালাম। বিশ্বকাপ শেষ আইসিসি সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হওয়া ম্যাককালাম গত বছর প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১ হাজার রান করেছিলেন। তাঁর নেতৃত্বেই গত বছর ৫টি টেস্ট জেতে নিউজিল্যান্ড।

পুরস্কার জেতায় ম্যাককালামের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন উইলিয়ামসন। মূল পুরস্কারটা না জিতলেও বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন উইলিয়ামসন। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিংয়ের জন্য এই ব্যাটসম্যান জিতেছেন রেডপাথ কাপও। বোলিংয়ে জন্য উইনসর কাপ পেয়েছেন বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ট্রেন্ট বোল্ট। এবারই প্রথম স্যার রিচার্ড হ্যাডলি পদকজয়ী ক্রিকেটার অন্য কোনো পুরস্কার পেলেন না।
কাল অকল্যান্ডের ল্যাংহাম হোটেলে জমকালো এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। পুরস্কার রজনীতে একটি বিশেষ পুরস্কারও পেয়েছেন ম্যাককালাম। নিউজিল্যান্ডে দৈনিক হেরাল্ড ২০১৪ সালের বর্ষসেরা নিউজিল্যান্ডার ঘোষণা করেছে তাঁকে। ক্রিকেট মাঠে সাফল্য তো আছেই, ক্রিকেট-দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার স্বীকৃতি এটি। নিউজিল্যান্ড হেরাল্ড ও ক্রিকইনফো।