নিকোলসের সেঞ্চুরি
একজন খণ্ডকালীন স্পিনার, আরেকজনের ক্যারিয়ারটা শুরু হয়েছে মাত্রই। তবে কাল দুজনে মিলে হলেও জেপি ডুমিনি ও কেশব মহারাজ ‘পেছনে ফেললেন’ সর্বকালের অন্যতম সেরা এক স্পিনারকে। সেই কবে ১৯৪৬ সালে পেস-বান্ধব বেসিন রিজার্ভে টেস্টের প্রথম দিনে ৫ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলীয় লেগ স্পিনার বিল ও’রিলি। প্রায় ৭১ বছর পর ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে এবার ৬ উইকেট নিলেন ডুমিনি-মহারাজ। আর দুই স্পিনারে সওয়ার হয়ে দক্ষিণ আফ্রিকা ২৬৮ রানে অলআউট করেছে নিউজিল্যান্ডকে।
শুরুটা করেছিলেন ফাস্ট বোলাররা। কাগিসো রাবাদা ও মরনে মরকেল ২১ রানেই ফেলে দিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু টেস্টে হেনরি নিকোলসের প্রথম সেঞ্চুরিতে (১১৮) ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। তবে ডুমিনির ক্যারিয়ার-সেরা বোলিং (৪/৪৭) ও মহারাজের ২ উইকেটে ৫১ রানে শেষ ৫ উইকেট হারায় কিউইরা। দিনের শেষ ভাগে ২৪ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকাও। ক্রিকইনফো।