নিজভূমে পরবাসী ইংলিশ ক্রিকেট

নিজের মাঠে খেলতে নেমে কোনো দল দর্শকদের দুয়োধ্বনির শিকার হচ্ছেন, ব্যাপারটা দুর্ভাগ্যজনকই বটে। সাধারণত খুব বাজে খেললে দর্শকেরা হতাশ হয়ে দু-একবার দুয়োধ্বনি দিলেও দিতে পারে। কিন্তু তাই বলে জেতার পরও! গতকাল বার্মিংহামে এমনই দুর্ভাগ্যের মুখোমুখি হয়েছে ইংলিশ ক্রিকেট দল।
ইংল্যান্ডে ক্রিকেট উপমহাদেশের মতো জনপ্রিয় নয়—এ কথা সবাই জানে। উপমহাদেশীয় দলগুলোর বিপক্ষে ইংল্যান্ড মাঠে নামলে লর্ডস, ট্রেন্টব্রিজ, ওভালের মতো মাঠগুলোর গ্যালারিতে ইংলিশ দর্শকেরা হয়ে পড়েন সংখ্যালঘু। এসব ম্যাচে প্রতিপক্ষের দর্শক যেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, সেখানে স্বাগতিক দলের জন্য দু-একটা দুয়োধ্বনি জুটতেই পারে!
ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গেলেই দর্শকদের দুয়োধ্বনির শিকার হয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। বার্মিংহামে ঐতিহাসিকভাবেই প্রচুর ভারতীয় অভিবাসীর বাস। ভারতীয় ক্রিকেট দল সেখানে খেলছে আর ভারতীয়রা মাঠে আসবেন না, এমন তো হওয়ার কথা নয়। কাল গ্যালারির ২৪ হাজার দর্শকের অধিকাংশই ছিলেন ভারতীয়। নিজভূমে পরবাসী হয়েই যেন গতকাল টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে নেমেছিলেন ইংলিশরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাপারটা নিয়ে প্রশ্নও ছুটে গিয়েছিল এউইন মরগানের কাছে। মরগান অবশ্য পুরো ব্যাপারটাই হেসে উড়িয়ে দিয়েছেন, ‘হ্যাঁ, বাউন্ডারি লাইনের কাছে গেলেও দর্শকেরা আমাদের দুয়ো দিয়েছে। এটা কোনো ব্যাপার নয়। আমরা প্রত্যেকেই দুয়ো খেয়েছি।’
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এ নিয়ে কোনো কথা বলতে চাননি। ইংল্যান্ডে এই সফরটা নানা রকম বিতর্কে কেটেছে বলেই হয়তো ব্যাপারটি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি, পাছে আবার নতুন বিতর্কের উদ্ভব হয়, ‘ভাই ছেড়ে দিন না। অনেক বিতর্ক হয়েছে এই সফরে। শেষ দিনে এসে আবার নতুন করে কোনো বিতর্কের জন্ম দিতে চাই না।’ স্বদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি এভাবেই এড়িয়ে গেছেন ধোনি। সূত্র: পিটিআই।