
টেস্ট অভিষেক গত নভেম্বরে, ভারতের বিপক্ষে। সেই সিরিজে মোহালি, বেঙ্গালুরু আর নাগপুরের উইকেটই এমন ছিল যে সেখানে পেসাররা যেন শুধু নিয়মরক্ষার জন্য দলে ছিলেন। ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন স্পিনাররা, আরও নির্দিষ্ট করে বললে ভারতীয় স্পিনাররা। কাগিসো রাবাদা তাই হয়তো আরও একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণের। সেটি পেলেন কেপটাউনে।
সুযোগ এনে দিয়েছিল ডেল স্টেইন ও কাইল অ্যাবোটের চোট। একদিক থেকে সেটিই আবার বাড়তি চাপ হয়েও এসেছিল। স্টেইন-অ্যাবোটের অভাব কি পূরণ করতে পারবেন ২০ বছর বয়সী ডানহাতি পেসার?
রাবাদা দেখালেন, তিনি তৈরি। কাল নিউল্যান্ডসে প্রথম দিন ইংল্যান্ডের যে ৫টি উইকেট পড়ল, তার ৩টিই রাবাদার। খুব আহামরি হয়তো নয়, কিন্তু রাবাদার পারফরম্যান্সই কেপটাউনে প্রথম দিনটা একতরফাভাবে ইংল্যান্ডের হতে দিল না। দিন শেষে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ৩১৭। বেন স্টোকস ব্যাটিং করছেন ৭৪ রানে, ৩৯ রানে জনি বেয়ারস্টো।
কেপটাউনে সফরকারী দল টসে জিতলে চোখ বুঁজে বোলিং নেওয়ার কথা। কারণ—রেকর্ড। সর্বশেষ যে ১৫টি টেস্টে সফরকারী দল এখানে আগে ব্যাটিং করেছে, ১৩টিতেই হার মানতে হয়েছে। অ্যালিস্টার কুকের এটি জানা ছিল কি না, কে জানে। তবে টসে জিতে তিনি ব্যাটিংই নিলেন। অ্যালেক্স হেলসকে নিয়ে ওপেন করতে নেমে সিদ্ধান্তটাকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টাও করেছেন। উদ্বোধনী জুটিতে এসেছে ৫৫ রান। ২৭ রানে কুক রাবাদার শিকার হয়ে ফিরে যাওয়ার পর নিক কম্পটনকে নিয়ে আরও ৭৪ রানের জুটি গড়েছেন হেলস। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম দুই জুটিতেই ৫০ ছাড়ানো রান ওঠার ঘটনা সেই ২০০৪ সালে।
২ উইকেটে ১৬৭ রান নিয়ে ইংল্যান্ড শক্ত হাতেই টেস্টের লাগাম ধরে রেখেছিল। চা-বিরতির ঠিক আগ মুহূর্তে পরপর দুই বলে নিক কম্পটন ও জেমস টেলরকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে একটা বড় ধাক্কা দেন রাবাদা। ৫৬ রানের জুটিতে সেই ধাক্কা কিছুটা সামলে নেন জো রুট ও বেন স্টোকস। গত বছর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল রুটের (১৩৮৫)। কাল ক্রিস মরিসের বলে কট বিহাইন্ড হয়ে ফেরার আগে পেয়ে গেলেন নতুন বছরে নিজের প্রথম ফিফটিটাও। ক্রিকইনফো।