নিজেকে ছাড়িয়ে ইমরুল

তামিম ইকবাল-সাকিব আল হাসানদের পাশে তিনি ছোট এক তারকা। তাই বলে তাঁর কীর্তিকে ছোট করা যাবে না কিছুতেই। তামিম নাহয় একটা ডাবল সেঞ্চুরিসহ টানা তিন টেস্টে সেঞ্চুরি করেছেন, কিন্তু সর্বশেষ চার টেস্টে তাঁরও তো আছে তিনটি সেঞ্চুরি! ইমরুল কায়েস তাহলে ছোট তারকা হন কী করে?
সব সময় যে বড় বড় তারকাদের ছায়ায় পড়ে থাকতে হয়, তা নিয়ে হতাশা থাকার কথা ইমরুলেরও। কিন্তু কাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা তুলতেই তামিমের পাশে বসে থাকা বাঁহাতি এই ওপেনার যেন বিনয়ে গলে পড়লেন, ‘তামিম-সাকিব অনেক বড় খেলোয়াড়। অনেক রেকর্ড করেছে তারা দেশের হয়ে। তাদের যেটা প্রাপ্য তারা সেটা পাচ্ছে। আমি মনে করি না এখন পর্যন্ত ওই পর্যায়ে যেতে পেরেছি।’ তবে মানুষ যে ছোট তারকাদের বড় কীর্তিগুলোও দ্রুতই ভুলে যায়, তা নিয়ে কষ্ট আছে তাঁর। সেই কষ্টের কথা মুখে না আনলেও স্বীকার করলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের মানুষের এসব মনে থাকে না।’
খুলনা টেস্টে ১৫০ রানের ইনিংস খেলে ছাড়িয়ে গেছেন টেস্ট ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংসটাকেই। সে সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৩১২ রানে উদ্বোধনী জুটি গড়ে তামিমের সঙ্গে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়েও। অথচ টেস্ট সিরিজ শুরুর আগে দলে সুযোগ পাবেন, সেই আত্মবিশ্বাসও ছিল না তাঁর, ‘টেস্ট দলে থাকব কি না, তা-ই জানতাম না। আমি বিশ্বকাপে ভালো খেলিনি, বিসিএলেও ভালো খেলিনি। এসব নিয়ে অনেক কথা হয়েছে।’ তবে মনে মনে প্রতিজ্ঞা ছিল আরেকটা সুযোগ পেলে আবারও মেলে ধরবেন নিজেকে। সেই প্রতিজ্ঞা পূরণের পর সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ দিয়েছেন খুলনা বিভাগেরই এই ক্রিকেটার।
দেড় শ রানের ইনিংস খেলার আগে প্রথম ইনিংসে লম্বা সময় ধরে উইকেট কিপিং করেছেন ইমরুল। এমন নয় যে কিপিংটা তিনি নিয়মিতই করেন। তার পরও মুশফিকুর রহিম আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়লে তিনি নিজে থেকেই এগিয়ে গিয়ে দায়িত্বটা নেন, ‘মুশফিক চোট পাওয়ার পর কে কিপিং করবে, তা নিয়ে আলোচনা হচ্ছিল। এর আগে সেভাবে কিপিং না করলেও প্রথম শ্রেণির ক্রিকেটে আমার এক-দুই ওভার কিপিং করার অভিজ্ঞতা ছিল। সে আত্মবিশ্বাস থেকেই বলি, আমি পারব।’ উইকেটের পেছনে দাঁড়ানোটা পরে নাকি বেশ উপভোগও করেছেন, ‘কিপিংটা বেশ উপভোগ করেছি। তামিম, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন, তাঁরা সাহায্য করেছেন। মুশফিকের মতো কিপিং করতে পারব না জানতাম। তবে পরিস্থিতির দাবি মেটাতে পারব, এই বিশ্বাস ছিল।’
তা উইকেটের পেছনে একেবারে খারাপ করেননি ইমরুল। কাল তো মুশফিকও প্রশংসা করেছেন তাঁর মৌসুমি কিপিংয়ের! অবশ্য কুমার সাঙ্গাকারা যাঁর আদর্শ, ব্যাটিংয়ের পাশাপাশি তিনি কিপিংটাও টুকটাক পারবেন, এ আর অস্বাভাবিক কী? ইমরুল অবশ্য হাসতে হাসতে প্রতিবাদ করে উঠলেন, ‘না...না। আমি সাঙ্গাকারার আশপাশেও নেই।’
দীর্ঘ সময় কিপিংয়ের পর ব্যাটিংয়ে নেমে শুরুতে একটু কষ্টই হচ্ছিল ইমরুলের। পরশু তো পায়ের মাংসপেশিতে টান পড়েছিল! রাতটা তাই কেটেছে প্রায় নির্ঘুম। তবে কাল অনেকটাই সুস্থ হয়ে নেমেছেন, হয়েছেন রেকর্ডের সাক্ষী, যা ইমরুল দিচ্ছেন নতুন অনুপ্রেরণা, ‘এ রকম রেকর্ডের সাক্ষী হতে পেরে অবশ্যই ভালো লাগছে। আমি চেষ্টা করব ভবিষ্যতেও এই ফর্মটা ধরে রাখতে। সেঞ্চুরি বা রান করা ভাগ্যের ব্যাপার। তবে আমি চেষ্টা করব মৌলিক জিনিসগুলো ঠিক রেখে খেলতে।’