নিজেকে জন্মদিনের উপহার দিলেন ইশ সোধি
ম্যাচের আগে বিশ্লেষণ করার ক্ষেত্রে সোধির সুনাম আছে। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার ব্যবচ্ছেদ করে তবেই নাকি মাঠে নামেন এই লেগ স্পিনার। ভারতের বিপক্ষেও নাকি সেটাই করেছেন।
নিজের বোলিংয়ে ভারতের মতো দলকে হারিয়ে দিল নিউজিল্যান্ড! লেগ স্পিনার ইশ সোধি নিজের জন্মদিনে এমন উপহার প্রত্যাশা করেছেন কি না কে জানে। তবে উপহারটা পেয়ে যে তিনি উচ্ছ্বাসে ভাসছেন, সেটি আর আলাদা করে বলার দরকার নেই।
ভারতকে ৮ উইকেটে হারানোর পর ম্যাচসেরার পুরস্কার নিতে এসে সোধি যেমন বলছিলেন, ‘আজকের ম্যাচটা আমরা যেভাবেই হোক জিততে চেয়েছিলাম। যেভাবে আমরা খেলে জিতেছি, আজ রাতে তো অবশ্যই বড় উদ্যাপন হবে।’
সোধির জন্মদিনই যে শুধু বড় উদ্যাপনের উপলক্ষ তা কিন্তু নয়। আজ ৪ ওভার করে মাত্র ১৭ রান দিয়েছেন। উইকেট নিয়েছেন দুটি।
তাঁর বোলিংয়ে আউট হয়েছেন ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা। সোধি ও নিউজিল্যান্ডের এমন কীর্তি অবশ্য নতুন নয়। সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচেও ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন সোধি।
ম্যাচের আগে বিশ্লেষণ করার ক্ষেত্রে সোধির সুনাম আছে। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার ব্যবচ্ছেদ করে তবেই নাকি মাঠে নামেন এই লেগ স্পিনার। ভারতের বিপক্ষেও নাকি সেটাই করেছেন। সফল হয়েছেন।
ম্যাচ শেষে যেমন বলছিলেন, ‘আমি ম্যাচের অনেক প্রস্তুতি নিই। দুবাইয়ের মাঠের বাউন্ডারি শারজার তুলনায় আলাদা। আমাদের খেলার বড় অংশ ছিল মাঝের ওভারে বাউন্ডারি বুঝে বোলিং করা। আজ সেটাই করে সফল হয়েছি।’