নিজেকে দলের দ্বিতীয় সেরা বোলার দাবি পাকিস্তান পেসারের

হাসান আলী কাউন্টিতে ফর্মে ফিরেছেনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগের পাকিস্তানের ক্রিকেটে সুখময় একটা সময় গেছে। প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সেখানে সফর করতে গিয়েছিল। কিন্তু উপলক্ষটাকে সেভাবে স্মরণীয় করে রাখতে পারেননি বাবর আজমরা। ওয়ানডে সিরিজটা ২–১ ব্যবধানে জিতলেও টেস্ট আর টি–টোয়েন্টি সিরিজ হেরে গেছেন তাঁরা।

সময়টা ভালো কাটেনি পাকিস্তানের পেসার হাসান আলীরও। ওয়ানডে ও টি–টোয়েন্টিতে কোনো উইকেট পাননি তিনি, টেস্ট সিরিজে উইকেট পেয়েছেন মাত্র ২টি। এর জন্য সমালোচনা কম সইতে হয়নি হাসান আলীকে। এখনো অনেকে তাঁকে এটা মনে করিয়ে দেন। কিন্তু হাসান আলীর বিশ্বাস, তিনি খুব দ্রুতই ছন্দে ফিরবেন এবং তাঁর ওপর সেই আস্থা অধিনায়ক বাবর আজমের আছে বলেও মনে করেন।

আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসার আত্মবিশ্বাসের কথা জানাতে গিয়ে পাকিস্তানের পেসার বলেছেন, ‘ভালো পারফরম্যান্স ছাড়া সমালোচকদের মুখ বন্ধ করার আর কোনো উপায় নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আমি উইকেট পাইনি। এর মানে এই নয় যে এটাই আমার ক্যারিয়ার। আমি একজন লড়িয়ে এবং খুব ভালোভাবে ফিরে আসব।’

হাসান আলী এরপর বলেন, ‘সব মিলিয়ে আমি সব সংস্করণেই ভালো করেছি। অভিষেক থেকেই আমি জাতীয় দলের সেরা বোলার না হলেও দ্বিতীয় সেরা। বাবর আজম জানে আমি লড়াকু একজন মানুষ এবং এ কারণেই সে আমাকে সমর্থন করে। একজন খেলোয়াড় প্রতি ম্যাচ বা সিরিজে ভালো খেলতে পারবে না। অতীতে অনেক কিংবদন্তি ক্রিকেটারই সমালোচনার শিকার হয়েছেন।’

তবে নিজের সীমাবদ্ধতা দূর করে শিগগিরই ছন্দে ফিরতে পারবেন বলে বিশ্বাস হাসান আলীর, ‘আমি যেটা পারি তা হলো কঠিন পরিশ্রম করা। চেষ্টা চালিয়ে যাওয়াই আমার হাতে আছে। আমি আমার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করব।’