নিজেকে নিয়ে চিন্তিত নন, মোস্তাফিজের ব্যাপারে বোর্ডের দিকে তাকিয়ে মুমিনুল

ফর্ম ভালো যাচ্ছে না মুমিনুলেরছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ব্যাটিংটা হয়েছে বেশ ভালো। একমাত্র ইনিংসে  শতক পেয়েছেন তামিম ইকবাল আর মুশফিকুর রহিম। লিটন দাসও পেতে পারতেন, কিন্তু ১২ রান আগে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবটা বাংলাদেশ দিয়েছে ৪৬৫ রান করে। ব্যাটিং নিয়ে তৃপ্তির মধ্যেও বড় খচখচানি অধিনায়ক মুমিনুল হকের রানে না ফেরা। এ বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক জয় পাওয়ার টেস্টে ৮৮ রান করেছিলেন এক ইনিংসে।

পরের ৮ ইনিংসে সর্বোচ্চ ৩৭, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর কেবলই খরা। টানা পাঁচ ইনিংসে দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আজ চট্টগ্রাম টেস্ট শেষের সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই এ নিয়ে কথা বলতে হয়েছে তাঁকে। জানিয়েছেন, নিজের ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।

চট্টগ্রাম টেস্টে ২ রান করেছেন মুমিনুল
ফাইল ছবি

‘আমি আসলে আমাকে নিয়ে ভাবি না। আমি আমার ব্যাটিং নিয়ে চিন্তিত নই।’ অল্প কথায় জানিয়ে দিয়েছেন উত্তর। এই উত্তরের পর তাঁকে আর এ ব্যাপারে প্রশ্ন করারও কিছু খুঁজে পাননি উপস্থিত সাংবাদিকেরা।

চট্টগ্রাম টেস্ট নিয়ে তাঁর কথা, ‘আমার কাছে মনে হয় পেস বোলাররা আরেকটু ভালো বল করতে পারত। যেহেতু পেস বোলারদের কাছে সবার প্রত্যাশা একটু বেড়েছে। আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে আরেকটু ভালো বল করতে পারত। দ্বিতীয় ইনিংসে শরীফুল ছিল না। খালেদ আরেকটু লেংথে বল করতে পারলে আরেকটু খুশি হতে পারতাম। তাহলে ভালো হতো। স্পিনে এই উইকেটে উইকেট পাওয়া কঠিন। পেস বোলারদেরও তাই।’

‘আমার কাছে মনে হয়, স্পিনারদের ভেতরে নাঈম, সাকিব ভাই…তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি দেখেন, প্রথম ইনিংসে ওদের রান বাড়ছিল। ওই সময়ে সাকিব ভাই ও তাইজুল এসে ওটা ঠেকিয়েছেন। আমি মনে করি প্রথম ইনিংসে সাকিব ভাইয়ের কাজ খুব ভালো ছিল। দ্বিতীয় ইনিংসও। ভালো বল করেছেন এই ট্র্যাকে।’—বলছিলেন মুমিনুল।

মোস্তাফিজ আইপিএলে দিল্লি দলেও নিয়মিত নন
ছবি: আইপিএল

চট্টগ্রাম টেস্টে চোট পেয়ে সিরিজ শেষ হয়ে গেছে পেসার শরীফুল ইসলামের। তাসকিন আহমেদও চোটে পড়েছেন। ২৩ মে থেকে ঢাকায় শুরু হতে যাওয়া টেস্টে মোস্তাফিজকে কি তিনি দলে চান? মুমিনুল অবশ্য বেশ অদ্ভুত উত্তরই দিয়েছেন, ‘আমি জানি না মোস্তাফিজ কয়টা টেস্ট খেলছে। আর বাংলাদেশের কোনো পেসারই অভিজ্ঞ না। শুনলে অবাকই হবেন। সবার মিলিয়ে ২০টা টেস্ট হয়েছে কি না জানি না। আমার কাছে মনে হচ্ছে না, এখন অভিজ্ঞতা খুব একটা বড় কিছু ওদের কাছে। আর মোস্তাফিজের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

মোস্তাফিজের খেলাটাও যে অনেক কিছুর ওপর নির্ভর করছে, এবং সেই অনেক ‘কিছু’গুলোও ব্যাখ্যা করেছেন মুমিনুল, ‘এখানে আপনার দেখতে হবে মোস্তাফিজ আসলে লাল বলে কত দিন খেলছে। অনেক কিছু নির্ভর করছে। কত দিন খেলছে না, খেলছে। আর ফিটনেস তো আছেই। এখন যদি অবশ্যই দরকার হয় তাহলে তো দরকার। এখন ফ্রন্টলাইনের দুজন পেসার চোটে পড়েছেন। সে যদি খেলতে পারে, তাহলে তো খেলতে পারে।’