
ফর্মে ফেরার ইঙ্গিতটা দিল্লিতেই দিয়েছিলেন বিরাট কোহলি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে হাফ সেঞ্চুরিহীন ১৫টি ইনিংস কাটানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে করেছিলেন ৬২ রান। ওই ইনিংসটা তাঁর বুক থেকে নামিয়ে দিয়েছিল একটা পাথরভার, তাই বলেছিলেন, কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন।
ইংল্যান্ডে চরম ব্যর্থ এক সফর শেষে দেশে ফিরেই নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছিলেন দিল্লির ব্যাটসম্যান। প্রাণান্তকর ওই লড়াইয়ের সময়ই নাকি টের পেয়েছিলেন হারানো আত্মবিশ্বাসটা ফিরে আসছে। আর সেটা যে পুরোপুরিই ফিরে পেয়েছেন, তার প্রমাণ দিলেন ধর্মশালায়। পরশু হঠাৎই যতি পড়া সিরিজের শেষ ওয়ানডেতে ঝলমলে এক সেঞ্চুরি করে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও করেছেন ২৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।
১১৪ বলে ১২৭, কোহলির ওই ইনিংসে ভর করেই রানের পাহাড়ে ওঠে ভারত, পরে ম্যাচটি জিতে নেয় ৫৯ রানে। ২-১ ব্যবধানে জিতে নিয়েছে তারা সিরিজটাও। এই সিরিজ দিয়েই ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সম্পর্কটা ঝড়ের মুখে পড়েছে আকস্মিকভাবে। কিন্তু কোহলি এটিকে মনে রাখবেন নিজের পুনর্জন্মের সিরিজ হিসেবে। কোচির প্রথম ওয়ানডেতে মাত্র ২ রান, কোহলি কতটা চাপে পড়ে গিয়েছিলেন বোঝা যায় পরশুর ম্যাচের পর তাঁর প্রতিক্রিয়ায়, ‘দিল্লির প্রথম রানটাকে মনে হয়েছিল ভারতের হয়ে আমার প্রথম রান। গত চার-পাঁচ বছরে যে ধরনের ক্রিকেট খেলেছি, তাতে মনে হয় সবাই সব সময়ই আমার কাছে রান চায়। তবে আমার মনে হয়েছে ব্যাপারটা (ফর্মে ফেরা) পুরোপুরিই নির্ভর করে পরিষ্কার চিন্তাভাবনা, ইতিবাচক থাকা, সময় নেওয়া, তাড়াহুড়ো না করার ওপর। এগুলো কাজ করেছে।’
গত ফেব্রুয়ারির পর প্রথম তিন অঙ্কের রানের দেখা পাওয়া কোহলি ইংল্যান্ড সফরের পর পাওয়া বিশ্রামটাকেই দেখছেন অনুঘটক হিসেবে, ‘কিছুদিন বিশ্রাম নেওয়াটা খারাপ সময় ভুলতে সাহায্য করে, নিজেকে নতুন করে গড়েও তোলা যায়। এটা যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক ব্যাপার।’ আইবিএন, ক্রিকইনফো।
ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি
ম্যাচ ১০০
শচীন টেন্ডুলকার (ভারত) ৪৬৩ ৪৯
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৩৭৫ ৩০
সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) ৪৪৫ ২৮
সৌরভ গাঙ্গুলী (ভারত) ৩১১ ২২
ক্রিস গেইল (ও. ইন্ডিজ) ২৫৮ ২১
হার্শেল গিবস (দ. আফ্রিকা) ২৪৮ ২১
বিরাট কোহলি (ভারত) ১৪১ ২০
সাঈদ আনোয়ার (পাকিস্তান) ২৪৭ ২০
ব্রায়ান লারা (ও. ইন্ডিজ) ২৯৯ ১৯
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ৩৮০ ১৯