নিজেদের ছাপিয়ে যেতে চান মাশরাফিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শেষ ওয়ানডেতে কী লক্ষ্য বাংলাদেশ দলের?
প্রশ্নটা বোকার মতো হয়ে গেল। জেতার মধ্যে থাকা একটা দল তো সামনে আসা প্রতিটি ম্যাচই জিততে চাইবে! এখানে আবার লক্ষ্য-টক্ষ্য কী? প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলা বাংলাদেশ দল যে আজ মিরপুরের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে আরেকটি ধবলধোলাইয়ের স্বাদ দিতে চাইবে, তা তো জানা কথাই।
কিন্তু ক্রিকেটে এ রকম ধোয়ামোছা–জাতীয় শব্দের ব্যবহারে প্রবল আপত্তি মাশরাফি বিন মুর্তজার। তাঁর কাছে প্রতিটা জয়ই নতুন, প্রতিটা জয়েরই আলাদা মাহাত্ম্য। বিনি সুতার মালায় একটার সঙ্গে আরেকটাকে গেঁথে ব্যবধানের ছবি ফুটিয়ে তোলার পক্ষে নন তিনি। সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা বরং প্রথম দুই ওয়ানডের মতোই সাদামাটা, ‘আগেও বলেছি, বাংলাদেশ দলের জার্সি গায়ে আমরা প্রতিটা ম্যাচ জিততে চাই। টানা হারলেও পরের ম্যাচটা আমরা জেতার জন্যই খেলি। জেতার মধ্যে থাকলেও তাই। কোন ম্যাচ, জিতলে কী হবে—সেগুলো কোনো ব্যাপার নয়।’
তার মানে অধিনায়কের চোখ শুধু জয়েই। একটা জয় কখনো কখনো জয়ের চেয়েও বৃহৎ কিছু নির্মাণ করে দিতে পারে। মাশরাফির চোখে সেটা বাড়তি পাওয়া ছাড়া অন্য কিছু নয়। এবারের জিম্বাবুয়ে সিরিজ অবশ্য এখন পর্যন্ত এ রকম অনেক কিছুই দিয়েছে। সাফল্যের ধারাটাকে বছর পার করিয়ে দেওয়ার সাফল্য তাঁর একটা বটেই। জিম্বাবুয়ের সঙ্গে নিজেদের গুণগত পার্থক্যটা আরও একবার দৃশ্যপটে ফুটিয়ে তোলার তৃষ্ণাও মিটেছে ভালোভাবে। এই তালিকায় সর্বশেষ সংযোজন বোধ হয় কাল সকালে হোটেলে হওয়া টিম মিটিংটা।
টানা পাঁচ সিরিজ জয়ের সাফল্যে পরশু রাত থেকেই খেলোয়াড়েরা নিজেরা নিজেদের অভিনন্দিত করছেন। তাই বলে গত দুই ম্যাচের ভুলত্রুটিগুলো যে ভুলে যাননি কেউ, সেটা বোঝা গেল টিম মিটিংয়ে। ভুল-ত্রুটির আলোচনাটা সেখানে এমুখ-ওমুখ হয়ে ছড়িয়ে পড়ল সবার মধ্যে। সবাই বললেন কার কী ভুল ছিল, কেউ কেউ অন্যের ভুলও তুলে ধরলেন। শেষ ম্যাচে সেসব ভুলের সমাধানের পথ খোঁজা হলো। কোথায় কোথায় ঘাটতি থাকায় জিম্বাবুয়ের ওপর আরও বেশি করে চড়াও হওয়া গেল না, কীভাবে শেষ ম্যাচের জয়কে প্রথম দুই ম্যাচের চেয়েও সহজ করে তোলা যায়—বিতর্ক, আলোচনার পুরোটা জুড়ে থাকল এই একটা ব্যাপারই।
মাশরাফি অবশ্য টিম মিটিং নিয়ে কোনো মন্তব্য করলেন না। এ বিষয়ে তাঁর বক্তব্য খুবই সংক্ষিপ্ত, ‘সিরিজ জেতা হয়ে গেলেও সবাই এখনো খুব সিরিয়াস।’ এমনকি আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনাও কম বলে জানা গেছে। জিম্বাবুয়েকে হারাতে সম্ভাব্য সেরা দলই মাঠে নামাবে বাংলাদেশ। আগের ম্যাচের ১১ জনই সম্ভবত খেলবেন আজও।
এক বছর ধরে বাংলাদেশের ওয়ানডে মুকুটে যোগ হয়েছে একটার পর একটা সাফল্যের পালক। জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০তে সিরিজ জিতে শুরু। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে এসে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় সাফল্যের অ্যালবামটাকে করেছে সমৃদ্ধ, আত্মবিশ্বাসে ঢেলেছে বাড়তি জ্বালানি। সে জ্বালানিতেই পরপর দুই ম্যাচে জ্বলেপুড়ে ছাই জিম্বাবুয়ে। বাংলাদেশের সামর্থ্যের সীমা ঊর্ধ্বমুখী হলো আরও একটু। কাল কথা প্রসঙ্গে মুশফিকুর রহিম তো বলেই দিলেন, ‘গত দুটি ম্যাচ জিতলেও ব্যাটিংয়ে আমাদের অনেক ভুল ছিল। তারপরও আমাদের শক্তির জায়গাটা দেখেন। সর্বশেষ ম্যাচে সাকিব না থাকার পরও এতগুলো ভুল করে, এত কম রান করে আমরা সহজে ম্যাচ জিতেছি। এটাই প্রমাণ করে আমাদের সামর্থ্য।’ আর সেটা শেষ ওয়ানডেতেও এলটন চিগুম্বুরার দলকে দাপট দেখিয়ে হারানোর প্রতিজ্ঞা এনে দিচ্ছে তাঁর কণ্ঠে, ‘এই ম্যাচটাও আমরা খুব ভালোভাবে জিততে চাই। যেন কোনো অতৃপ্তি না থাকে।’
প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দেওয়ার চাইতে নিজেদের তৃষ্ণা মেটানোটাই এখন বড় বাংলাদেশ দলের কাছে। এই তৃষ্ণা আরও বড় কিছু করার, এই তৃষ্ণা নিজেদের ছাড়িয়ে যাওয়ার।