নিজেদের ছাড়িয়ে যাওয়ার বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে খেলা, প্রত্যাশার চাপটাও তাই বেশি। দুই পাশে দুই সতীর্থকে নিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজের চোখ কি শিরোপাতেই? কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  l সৌরভ দাশ
ঘরের মাঠে খেলা, প্রত্যাশার চাপটাও তাই বেশি। দুই পাশে দুই সতীর্থকে নিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজের চোখ কি শিরোপাতেই? কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে l সৌরভ দাশ

আশিকুর রহমান এখন কোথায়? অনেককেই জিজ্ঞেস করা হলো প্রশ্নটা। ঠিক উত্তর দিতে পারলেন না কেউই। আশিকের সাবেক সতীর্থ ও বিকেএসপির সহপাঠী ইফতেখারুল ইসলাম শুধু এটুকু জানাতে পারলেন, ‘যতদূর জানি, ও অস্ট্রেলিয়াপ্রবাসী।’
হঠাৎ বিস্মৃতির অতলে চলে যাওয়া আশিকের খোঁজ কেন? এক যুগ আগে ঘরের মাঠে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুবাদের নেতৃত্ব যে দিয়েছিলেন তিনিই! ১২ বছর পর বাংলাদেশের মাটিতে আবার যুব বিশ্বকাপ। এ কারণেই আশিকের সন্ধান। অবশ্য সেই সময় নাফিস ইকবাল, আফতাব আহমেদ, তালহা জুবায়ের, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, শাহাদাত হোসেনদের মতো খেলোয়াড় টপকে তিনি কীভাবে অধিনায়ক হয়েছিলেন, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
অতীত ছেড়ে বর্তমানে ফেরা যাক। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে না ঢুকলে বোঝা কঠিনই হচ্ছিল, চট্টগ্রামে যুব বিশ্বকাপ হচ্ছে। স্টেডিয়াম ও এর আশপাশের এলাকা ছাড়া নগরের কোথাও বিশ্বকাপের প্রচার নেই। অবশ্য এটাও ঠিক, টুর্নামেন্টটি বয়সভিত্তিক ক্রিকেটের। বেশির ভাগ খেলোয়াড়ই দর্শকদের অচেনা। তবে উদ্বোধনী ম্যাচে যেহেতু বাংলাদেশের যুবারাও খেলবেন, দলকে উৎসাহ দিতে আজ মাঠে প্রচুর দর্শক আসবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
বিশ্বকাপ ঘিরে উন্মাদনা যেমনই হোক, বাংলাদেশ যুব দলকে নিয়ে প্রত্যাশা আকাশসম। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে যতটা প্রত্যাশার বেলুন ওড়ানো হচ্ছে, আগে কখনো এমনটা হয়েছে কি না সন্দেহ। কেউ কেউ অবশ্য বলছেন, এমনটা আগে একবারই হয়েছিল—শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপ। মুশফিকুর রহিমের নেতৃত্বে তামিম-সাকিব-মেহরাব জুনিয়র-শামসুর রহমানদের নিয়ে গড়া শক্তিশালী দলই গিয়েছিল বিশ্বকাপ খেলতে। তবে সেবার ফিরতে হয়েছিল পঞ্চম হওয়ার সান্ত্বনা নিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত ওটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।
এবার কি সে সাফল্য ছাড়িয়ে যেতে পারবে মেহেদী হাসান মিরাজের দল? পারবে বাংলাদেশকে প্রথমবারের মতো একটা বৈশ্বিক শিরোপা এনে দিতে? উত্তর অজানা থাকলেও নিজেদের আত্মবিশ্বাসী করার অনেক রসদই খুঁজে পেতে পারেন যুবারা। ঘরের মাঠে খেলা। গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। সাম্প্রতিক সাফল্য তো আছেই, খেলছেন গত বিশ্বকাপ খেলা পাঁচজন ক্রিকেটারও।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক দিন ধরে খেলোয়াড়েরা খেলছেন একসঙ্গে। বয়সভিত্তিক ক্রিকেটে এমনটি সাধারণত দেখা যায় না। খেলোয়াড়েরা হয় দারুণ পারফরম্যান্সে দ্রুতই জায়গা করে নেন ‘এ’ কিংবা জাতীয় দলে। কেউবা বয়স পেরিয়ে যাওয়ায় বয়সভিত্তিক এই দলে খেলার আর যোগ্যতাই রাখেন না।
২০১০ থেকে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত ও বর্তমানে দলের কোচ মিজানুর রহমানের দৃষ্টিতে এটাই তাঁর দলের সবচেয়ে বড় শক্তি, ‘আমাদের আগের দলগুলোর সঙ্গে এই দলটার পার্থক্য হচ্ছে, সমন্বয়টা অনেক ভালো। অনেক দিন একসঙ্গে খেলছে। আগে দেখা গেছে, হঠাৎ দুই-তিনজন খেলোয়াড় বিশ্বকাপের আগে দলে চলে আসত। তাতে কিছুটা ভারসাম্য নষ্ট হতো। বর্তমান দলের খেলোয়াড়েরা মাঠে-মাঠের বাইরে একে অন্যকে ভালো বোঝে, এটাই আমাদের প্লাস পয়েন্ট।’
২০০৬ যুব বিশ্বকাপ খেলা তামিম ইকবালের কণ্ঠেও একই কথা। বাংলাদেশ দলের ওপেনারের প্রত্যাশা, এটি কাজে লাগিয়ে এবার দারুণ কিছুই করবেন মিরাজরা, ‘আমরা খুবই শক্তিশালী দল ছিলাম। দুর্ভাগ্য, ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলাম কোয়ার্টার ফাইনালে। বর্তমান দলটাও খুব ভালো। কারণ, ওরা অনেক দিন ধরে একই সঙ্গে খেলছে। দারুণ কিছু খেলোয়াড় আছে দলে। আরও একটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, হোম কন্ডিশন। সবার সমর্থন পাবে। আশা করছি, ওরা ভালো করবে।’
কদিন আগে বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছিল যুব দলকে। বিশ্বকাপে খেলার রোমাঞ্চ কিংবা ক্রিকেটের বড় মঞ্চের চাপ সম্পর্কে ভালো জানা আছে মাশরাফির। তীব্র চাপের মধ্যেও সাফল্য কীভাবে পেতে হয়, বাংলাদেশ অধিনায়ক ভালোই জানেন। যতই প্রত্যাশার চাপ থাকুক, অনুজদের তাই বাস্তবতার জমিনে পা রাখার পরামর্শ মাশরাফির, ‘বাংলাদেশ দলের জার্সি গায়ে ভবিষ্যতে যেন বুক ফুলিয়ে খেলতে পারে তারা, সে মানসিকতা নিয়েই খেলতে হবে। খেলাটা উপভোগ করুক। চ্যাম্পিয়ন হতেই হবে, এমন প্রত্যাশার চাপ তাদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় হবে। ১৯ বছর বয়সী ছেলেদের এই চাপ দেওয়া কিছুতেই ঠিক হবে না। একদিন জাতীয় দলে খেলবে, এ স্বপ্নটাই তাড়া করুক তারা।’