নিজেদের দুষছেন কোহলি, এখনো করছেন সেমির আশা

ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্সের ঘাটতিটাই চোখে পড়েছে ভারত অধিনায়কেরছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপে ফেবারিটের তালিকায় বলতে গেলে সবার ওপরেই ছিল ভারতের নাম। কোহলি, রোহিত, বুমরা, পান্ডিয়া, রাহুল, শামি, পন্ত—ব্যক্তিগত প্রতিভার কথা হিসাব করলে এই দলটিতে তারার ছড়াছড়ি।

কিন্তু দিন শেষে ক্রিকেট তো সেই দলগত খেলাই। দল হিসেবে ভালো না করতে পারলে বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করার আশা করা বোকামি। দলগত পারফরম্যান্সের এই খামতিই শেষ পর্যন্ত গলার কাঁটা হয়ে দাঁড়াল কোহলিদের জন্য।

কোহলি, রোহিত ; সবাই ছিলেন ফ্লপ
ছবি : রয়টার্স

অবিশ্বাস্য কিছু না ঘটলে সেমিফাইনাল থেকেই ভারত বিদায় নিচ্ছে, এটা নিশ্চিত। সেমিতে ওঠার জন্য এখন স্কটল্যান্ড কিংবা নামিবিয়া যেন অঘটন ঘটায়, সে আশায় থাকতে হবে ভারতকে।

ওদিকে পাকিস্তান আর নিউজিল্যান্ড যদি নিজেদের হাতে থাকা বাকি ম্যাচগুলো জিতে যায়, তাহলে ভারতের সেমিতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।

কোহলি সবকিছুই বোঝেন। বোঝেন বলেই ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্সের ঘাটতিটাই চোখে পড়েছে ভারত অধিনায়কের, ‘আমার মনে হয় না ব্যাট বা বল হাতে আমরা সাহসী ছিলাম। আমাদের লড়ার জন্য তেমন পুঁজি ছিল না, কিন্তু আমরা পরে যখন মাঠে নামলাম, আমরা সাহসী ছিলাম না। আপনি যখন ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলবেন, আপনার ওপর অনেক প্রত্যাশা থাকবে। শুধু ভক্ত-সমর্থকদের কাছ থেকেই নয়, খেলোয়াড়দের কাছ থেকেও।’


দলগতভাবে ভারত যে প্রত্যাশার চাপ সহ্য করতে পারেনি, সেটাই অকপটে উঠে এসেছে কোহলির কথায়, ‘প্রতি ম্যাচেই অনেক চাপ মাথায় নিয়ে আপনাকে নামতে হবে। বছরের পর বছর ধরে সেই চাপ সহ্য করেই আমরা খেলে গিয়েছি। ভারতের হয়ে যে খেলে তাকেই এই চাপ সহ্য করতে হয়। দলগতভাবে এই চাপ সামাল দিতে হয়, যেটা আমরা গত দুই ম্যাচে করতে পারিনি। চাপ এলেই যে আপনি ভিন্নভাবে খেলা শুরু করবেন ব্যাপারটা এমন নয়।’

কোহলিদের আশা করতে হচ্ছে আফগানরা যেন হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে
ছবি : রয়টার্স

যদিও এখনই হাল ছেড়ে দিতে রাজি নন কোহলি। কাগজে-কলমে গ্রুপের দুর্বলতম তিন দলের বিপক্ষেই শেষ তিন ম্যাচে খেলতে নামবে ভারত। বুধবার লড়বে রশিদ-নবীদের আফগানিস্তানের সঙ্গে, নভেম্বরের ৫ ও ৮ তারিখে খেলবে যথাক্রমে স্কটল্যান্ড ও নামিবিয়ার সঙ্গে। এ তিন ম্যাচে কোহলিদের জিততে তো হবেই, আশা করতে হবে আফগানরা যেন হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে, বা নামিবিয়া-স্কটল্যান্ডের কারোর কাছে যেন কাটা পড়ে পাকিস্তান।

সবকিছু মিলিয়ে এখনো সেমিফাইনাল নিয়ে ইতিবাচক কোহলি, ‘আমার মনে হয় আমাদের এখনো সুযোগ আছে, এখনো অনেক ক্রিকেট খেলা বাকি আমাদের।’