নিজেদের পাতা ফাঁদেই সর্বনাশ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি ম্যাচের উইকেট বুমেরাং হলো বাংলাদেশের। ছবি: শামসুল হক
টি-টোয়েন্টি ম্যাচের উইকেট বুমেরাং হলো বাংলাদেশের। ছবি: শামসুল হক

অন্যের জন্য পাতা ফাঁদে অনেক সময় নিজেদেরই পা আটকে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে এমন ভাবনাটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের মাথায় ছিল না বলেই মনে হয়। সিরিজে ২-০ ব্যবধানে হারের পর মনে হচ্ছে, প্রতিপক্ষের দুর্বলতা বিচারে তাঁরা যতটা উন্মুখ ছিলেন, ঠিক ততটাই নির্লিপ্ত ছিলেন নিজেদের শক্তির বিচারে। প্রতিপক্ষকে বিপদে ফেলতে মরণফাঁদ বানিয়ে তাতে নিজেদেরই কাটা পড়ার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সব। প্রশ্ন উঠে গেছে, মাঠকর্মীদের এমন উইকেট বানানোর নির্দেশনা দেওয়ার পরেও এ-সংক্রান্ত পরিপূর্ণ প্রস্তুতি বাংলাদেশের ছিল কি না!
দুটো ম্যাচেই দক্ষিণ আফ্রিকার রান তাড়া করতে হয়েছে বাংলাদেশের। দুটো ম্যাচেই টস জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মিরপুরে এই সিরিজে যে উইকেট তৈরি করা হয়েছিল, তাতে আগে ব্যাট করা দল যে সুবিধা পাচ্ছে—এটা বিচার করতে খুব বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার ছিল না। এখন কথা ওঠাটা স্বাভাবিক যে এই দুটো ম্যাচে দক্ষিণ আফ্রিকার জন্য ‘ফাঁদ’ বানিয়ে বাংলাদেশের পরিকল্পনাটা কেবল ‘টস-ভাগ্যে’র ওপরই দাঁড়িয়ে ছিল কি না!
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনও বিরক্ত এমন উইকেট দেখে। তিনি মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য মোটেও আদর্শ উইকেট ছিল না এই দুই ম্যাচে। তিনি প্রশ্ন করেন, ‘ম্যানেজমেন্ট স্পিনে দক্ষিণ আফ্রিকার অপারদর্শিতা বিচারে ব্যস্ত ছিলেন, কিন্তু তাঁরা কী ভুলে গিয়েছিলেন যে ওই দলের বোলিং-শক্তি বাংলাদেশের চেয়ে অনেক বেশি?’ আশরাফ মনে করেন, এই সিরিজে বাংলাদেশ নিজেদের শক্তির ওপরই আস্থা রাখতে পারেনি।
টি-টোয়েন্টি ক্রিকেটটাকে বাংলাদেশের দুর্বলতার জায়গা মানেন আশরাফও। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের পরাজয়ের মূল কারণ হিসেবে তিনি দুর্বল পরিকল্পনাকেই দায়ী করতে চান। তিনি বলেন, ‘খেলা দুটো দেখে মনে হয়েছে স্পিনসহায়ক উইকেট বানিয়েও এই উইকেটে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটা বাংলাদেশের খেলোয়াড়েরা পায়নি। অনেক ক্ষেত্রেই ব্যাটিংয়ের সময় বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় বেশি অপ্রস্তুত মনে হয়েছে।’
ব্যাট হাতে দুই দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সই বলে দিচ্ছে সবকিছু। গাজী আশরাফ দিয়েছেন পুরো বিষয়টার ব্যাখ্যাও, ‘দুই দলের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখুন। ওরা উইকেটের অসহায়ক ব্যাপারটা মাথায় রেখে কৌশলী ব্যাটিং করল। ওরা বড় শটে গেল না। সিঙ্গেলস-ডাবলসে মনোযোগটা আবদ্ধ রাখল। আর আমাদের ব্যাটসম্যানরা বড় শট খেলতে গিয়ে আউট হলো। সাকিব, মুশফিকদের মাথাতেই থাকল না যে এই উইকেটে শট খেলা কঠিন। প্রতিটি ব্যাটসম্যানের আউটগুলো ভালোভাবে বিচার-বিশ্লেষণ করলেই বোঝা যাবে, এমন উইকেটে খেলার পরিপূর্ণ প্রস্তুতিটা বাংলাদেশের ছিল না।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের মতে, উন্নতমানের উইকেট না করার ব্যাপারটা দলের জন্য বুমেরাং হয়েছে। তিনি বলেন, ‘আমরা স্পিন বোলিংয়ে জোর দিতে গিয়ে প্রোটিয়াদের সামনে কোনো সারপ্রাইজিং কিছু রাখতে পারিনি। আমরা ভুলে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা স্পিন মোকাবিলা করার পূর্ণ প্রস্তুতি নিয়েই আসবে। দুটো টি-টোয়েন্টি ম্যাচে আমরা বরং ওদের আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ করে দিয়েছি।’