নিজেদের বোলিংটা করলেই বাংলাদেশ জিতবে: সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম-সৌম্যর ভালো শুরুর পর স্কোরটা আরও বড় হওয়া উচিত ছিল বলে মনে করেন সাকিব। ছবি: শামসুল হক
তামিম-সৌম্যর ভালো শুরুর পর স্কোরটা আরও বড় হওয়া উচিত ছিল বলে মনে করেন সাকিব। ছবি: শামসুল হক

ব্যাটিং পারেন। বোলিং পারেন। দুর্দান্ত ফিল্ডারও। ইদানীং সাকিব আল হাসান আরেকটি কাজে নিজের পারদর্শিতা দেখাচ্ছেন—ভবিষ্যদ্বাণী! যে পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালের পর কোনো ফরম্যাটেই কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ, তাদের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব বলে দিয়েছিলেন, ‘আমরাই ফেবারিট।’
ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে স্পষ্ট করে ভবিষ্যদ্বাণী করেননি। তবে বলেছেন ‘ভালো সুযোগ আছে’। প্রথম ওয়ানডেতে ৩০৮ রানের লক্ষ্য দিয়ে সেই সুযোগের সম্ভাবনাটাই যেন উজ্জ্বল করে তুলল বাংলাদেশ।
ম্যাচের মাঝবিরতিতে টিভি সাক্ষাৎ​কারে সাকিব স্বীকার করলেন, ২০-২৫টি রান কম হয়েছে। তবে এও বললেন, ম্যাচের আগে তিনি ভাবেননি ৩০০ পেরোতে পারবে তাঁর দল। ভারতের বিপক্ষে এই প্রথম তিন শর মাইলফলক পেরিয়ে গেল বাংলাদেশ। পরে ব্যাট করে ৩০৮ কিংবা এর বে​শি রান তাড়া করে ভারত জিতেছে মাত্র ১১ বার।
সাকিবের আক্ষেপ হচ্ছে দুটো কারণে। দুবার ‘মোমেন্টাম’ হারিয়েছে বাংলাদেশ। প্রথমে বিনা উইকেটে ১০২ রান তুলে, এর পর ৫ উইকেটে ২২৯ রানের পুঁজি নিয়েও স্লগ ওভারে প্রত্যাশিত ঝড় তুলতে না-পারায়। তবে যা পুঁজি আছে, তা নিয়েই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে সতীর্থদের উদ্দীপিত করলেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী বোলিংটা করতে পারলে বাংলাদেশ জিতবে বলে মনে করেন তিনি, ‘আমরা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়গুলোতেই উইকেট হারিয়েছি। যে কারণে আমাদের লক্ষ্য থেকে অনেকটা দূরে সরে আসি। আমাদের এই রানের ভেতরেই ভালো বল করে তাদের আটকাতে হবে।’
বাংলাদেশের প্রথম চার উইকেটের তিনটিই নিয়েছেন অশ্বিন। আবার শেষের দিকে ভারতের পেসাররা বল করেছেন আঁটসাঁট। মেঘলা কন্ডিশনে বাংলাদেশ যদিও চার পেসার নিয়ে খেলছে, কিন্তু সাকিব এখনো মনে করেন, উইকেট ব্যাটিং-সহায়কই, ‘এটি ব্যাটিংয়ের জন্য খুবই উপযুক্ত উইকেট। আমার মতে, আমরা ২০-২৫ রান কম করেছি। কিন্তু আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো বোলিং করতে পারি তাহলে তাদের এই রানের ভেতরেই বেঁধে রাখতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা যদি শুরুতেই ওদের কয়েকটা উইকেট নিয়ে নিতে পারি, তাহলে খুব চাপে পড়বে তারা।’
ভালো শুরুটা আসলেই জরুরি। আর এই ভালো শুরুর জন্য পেসারদের দিকে তাকিয়ে আছেন তিনি। বাংলাদেশ শেষ কবে চার পেসার নিয়ে খেলেছে, আদৌ খেলেছে কিনা, এ নিয়ে গবেষণা হচ্ছে। তবে চার​ পেসার নেওয়া সম্পর্কে সাকিবের মত, ‘আমার মনে হয় আমরা আমাদের শক্তি অনুযায়ী একাদশ বেছে নিয়েছি। কিন্তু স্পিনাররা কোনো সাহায্য পাবে না পিচ থেকে, এমনটাও নয়। তা ছাড়া আমাদের দুই-​তিনজন পার্টটাইম স্পিনারও আছে। কিন্তু এই পিচে যেহেতু চার পেসার নেওয়া হয়েছে, আসল কাজটা তাদেরই করতে হবে।’
কোনো ভণিতা নেই। যা বলার অকপটে বলেন। আজও তা-ই করেছেন। সঞ্জয় মাঞ্জেরেকারই যেমন প্রশংসা করে বলছিলেন, অন্য কেউ হলে কখনোই বলত না ২০-২৫টা রান কম করেছি। সাকিব সৎ​ থাকলেন এই প্রশ্নে, ম্যাচের আগে ভেবেছিলেন কিনা তিন শ রান পেরোবে বাংলাদেশ, ‘তেমন কোনো পরিকল্পনা ছিল না। প্রথম দু ওভার দেখেই তামিম এবং সৌম্য বুঝেছে এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট। কারণেই আমাদের মনে হয়েছে আমরা এখানে তিন শোর বেশি রান করতে পারব। আমরা আসলে চিন্তা করেনি আমরা ৩০০ অথবা ৩২০ রান করতে পারব। কিন্তু আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে আমাদের আরও ২০-২৫ রান বেশি হওয়ার দরকার ছিল।’
বাংলাদেশ সমর্থকেরা আশা করবে, শেষ পর্যন্ত এই ২০-২৫ রানের ঘাটতির জন্য হা-হুতাশ করতে হবে না বাংলাদেশকে। সেই ঘাটতি পুষিয়ে দিতে তাঁরা তো আছেনই।