নিজেদের মাথাতেই অস্ট্রেলিয়ার 'গদার বাড়ি'!

সিরিজ শুরুর আগের দিনই টেস্ট শ্রেষ্ঠত্বের গদা তুলে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার হাতে। সেই সাফল্যের স্বাদটা এক সপ্তাহের মধ্যেই তেতো ঠেকবার কথা অস্ট্রেলিয়ানদের। সিরিজ শুরুর আগে যেখানে ‘দুর্বল’ ‘ক্ষীণশক্তির’ শ্রীলঙ্কাকে নিয়েই চিন্তায় ছিল সবাই, সেই শ্রীলঙ্কাই অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল আজ। কলম্বো টেস্টে অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। টেস্ট ইতিহাসেই মাত্র নয়বার ধবল ধোলাইয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া।
মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারারা তো বিদায় বলেছেন বহু আগেই। খর্বশক্তির শ্রীলঙ্কা রীতিমতো বিভীষিকাময় দিন পার করেছে গত এক বছর। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবির পর ইংল্যান্ডে সিরিজেও নাস্তানাবুদ হতে হয়েছে লঙ্কানদের। মূল পেসাররাও একের পর এক ইনজুরিতে চলে গেছেন দলের বাইরে। ঘরের মাঠেও তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার ভয়ে ছিল শ্রীলঙ্কা। কারণ, শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার অতীত রেকর্ড।
কিন্তু পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন থেকে বদলে গেল সিরিজের সুর। সেই যে ঘুরে দাঁড়ালেন লঙ্কানরা, অস্ট্রেলিয়া আর কোনো সুযোগই পেল না। পাল্লেকেলে টেস্টের পর গল টেস্টও জিতে যায় শ্রীলঙ্কা। তাই সিরিজের শেষ টেস্ট ছিল অস্ট্রেলিয়ার জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টার লড়াই।
সে চেষ্টায় অস্ট্রেলিয়া খুব একটা পিছিয়ে ছিল না। দিনের প্রথম সেশনেও কলম্বো টেস্টে জয় না হোক ড্রয়ের দিকেই এগোচ্ছিল সফরকারীরা। ৩৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৮৩ ওভারে ৩২৪ রান। একসময়ের বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার এই লক্ষ্য অর্জনে বেশ জোরেশোরেই ছুটত। কিন্তু এ অস্ট্রেলিয়া শুধু র্যাঙ্কিংয়েই শীর্ষ ছিল, মানসিকতায় নয়। তাই নেতিবাচকভাবে সময় নষ্ট করে কিংবা বল ছেড়ে দিয়ে ইনিংস শুরু করে তারা। সে লক্ষ্যে প্রথম সেশন পার করে দেন দুই ওপেনার। লাঞ্চের আগের ওভারে শন মার্শ আউট হতেই ভেঙে পরে বালির বাঁধ। মধ্যাহ্নবিরতির পর অস্ট্রেলিয়ার নেতিবাচক মানসিকতা ও রঙ্গনা হেরাথের আরেকটি দুর্দান্ত বোলিং মিলে মাত্র ৬০ রানে শেষ ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৬৮ রান ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলিয়া ম্যাচ হেরে যায় ১৬৩ রানে। ম্যাচ ও সিরিজ সেরা হেরাথ এই টেস্টে নিয়েছেন ১৩ উইকেট।
সে সঙ্গে নিশ্চিত হয়ে যায় শুধু সিরিজই হারল না শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, একেবারে ধবলধোলাই হলো তারা। সে সঙ্গে র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্বও হারাল সফরকারীরা। অবশ্য যে নেতিবাচক খেলা দেখালেন স্টিভ স্মিথ ও তাঁর দলবল, তাতে শ্রেষ্ঠত্বের মুকুট তাঁদের মাথায় মানায়ও না! হাতে তুলে নেওয়া গদাটাই যেন এখন তাঁদের মাথায় করছে আঘাত! তোমার গদা যারে দাও, তারে বহিবারে দাও শকতি! সূত্র : টেন থ্রি।