ওয়ানডে সিরিজে তো নিউজিল্যান্ডই ফেবারিট!
একটু আশ্চর্য হতে পারেন। কী এমন ঘটে গেল যে মাত্রই তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়া কিউইরা হঠাৎ ওয়ানডেতে ফেবারিট হয়ে গেল! উত্তরটা সহজ, নিউজিল্যান্ডের শক্তি বেড়েছে, কমেছে ভারতের।
ধর্মশালায় আজ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। চোট কাটিয়ে নিউজিল্যান্ড দলে ফিরছেন বর্তমান খেলোয়াড়দের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারি টিম সাউদি (১৩৫ উইকেট)। ফিরছেন নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসেরই সবচেয়ে বেশি স্ট্রাইকরেটের ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনও (১১৪.৮০)। অন্যদিকে ভারত যেন গরিবের ছিন্নবস্ত্র। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা প্রথম তিন ম্যাচে বিশ্রামে। পেস বোলিংয়েও দীনহীন অবস্থা, ইশান্ত শর্মা তো চিকুনগুনিয়া রোগে সিরিজের আগেই বাদ পড়েছেন, চোট নতুন করে কেড়ে নিয়েছে ভুবনেশ্বর কুমারকেও। ব্যাটিংয়েও হয়েছে শক্তিক্ষয়, আঙুল ভাঙায় দলে নেই শিখর ধাওয়ান, সুরেশ রায়নাকে কেড়ে নিয়েছে ভাইরাসের সংক্রমণ।
মহেন্দ্র সিং ধোনির বেশ হতাশই হওয়ার কথা। আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েিন্ট ম্যাচের পর আজই আবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে কিনা পাচ্ছেন এমন ভাঙাচোরা দল! তার ওপর আজ ম্যাচটি ভারতের জন্য মাইলফলকেরও—এটি ওয়ানডেতে তাদের ৯০০তম ম্যাচ! ওয়ানডে ইতিহাসে ভারতই প্রথম ৯০০তম ম্যাচ খেলতে যাচ্ছে।
দলের এমন অবস্থা, ধর্মশালার হিমশীতল আবহাওয়াও কিউইদের পক্ষে, ধোনি হয়তো অন্য একটি অযাচিত মাইলফলকেরও আশঙ্কায় থাকছেন। আজ হেরে গেলে সেটি হবে ওয়ানডেতে ভারতের ৪০০তম হার! এএফপি।
সবচেয়ে বেশি ওয়ানডে
ম্যাচ দল
৮৯৯ ভারত
৮৮৮ অস্ট্রেলিয়া
৮৬৬ পাকিস্তান
৭৭৭ শ্রীলঙ্কা
৭৪৪ ওয়েস্ট ইন্ডিজ
প্রথম পাঁচ দল