নিজেদের 'গ্রুপ অব ডেথে' দেখছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সমর্থকদের আশার বেলুন উড়াতে দিচ্ছেন না মাশরাফি। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সমর্থকদের আশার বেলুন উড়াতে দিচ্ছেন না মাশরাফি। ছবি: এএফপি

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের জয়ে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে প্রত্যাশা একটু হলেও বাড়িয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারিয়ে মাশরাফিরা জানিয়ে দিয়েছেন, পরের পরীক্ষা দিতে প্রস্তুত তাঁরা। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনো আশার বেলুন উড়াতে রাজি নন। তাঁর চোখে বাংলাদেশ যে পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির ‘গ্রুপ অব ডেথে!’ 

সাধারণত ফুটবলেই এই শব্দ-ত্রয়ী শোনা যায় বেশি। বিশ্বকাপ কিংবা ইউরোর আগেই হিসাব নিকাশ চলে কোন গ্রুপ কঠিন, কোন গ্রুপে শিরোপা প্রত্যাশী দলের সংখ্যা একটু বেশি হয়ে গেল। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেই আট দল। এদের দুই গ্রুপে ভাগ করলে তো দুটোই কঠিন হওয়ার কথা। তবু বাংলাদেশ অধিনায়কের চোখে তাঁদের গ্রুপটা একটু কঠিন, ‘আমরা যে গ্রুপে পড়েছি, সেটা বলতে গেলে “গ্রুপ অব ডেথ”। বিশ্বের শীর্ষ তিন দলের সঙ্গে খেলতে হবে। তবে আগে থেকে কিছুই বলা যায় না, নিজের দিনে যে কেউই জিততে পারে। আমরা ম্যাচের শুরু থেকেই তৈরি থাকব, আর সুযোগ এলেই কাজে লাগাব।’
‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়া বাকি তিনটি দলের নাম—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড হওয়াতেই চিন্তা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই, চার ও পাঁচে আছে এ তিন দল। এশিয়ার বাকি তিন দল গ্রুপ ‘এ’তে পড়ায় ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশকে খেলতে হবে সমৃদ্ধ পেস আক্রমণ নির্ভর দলের সঙ্গে। এদের মধ্যে নিউজিল্যান্ডকে অবশ্য কাল হারিয়েছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়নস ট্রফিতেও কিউইদের হারানো কঠিন হবে বলে ধারণা মাশরাফির, ‘আমার ধারণা টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট ফিরলেই ওদের বোলিং আরও ভালো হবে। কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিলও ফিরবে। তবু একটা জয় সব সময় দলকে আত্মবিশ্বাস এনে দেয়। নিউজিল্যান্ডের ম্যাচের আগে দুটো প্রস্তুতি ম্যাচ আছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো কঠিন ম্যাচ আছে। এ জয় আমাদের বিশ্বাস এনে দিয়েছে। আয়ারল্যান্ড থেকে এটা নিয়ে ফিরতে পারছি, আশা করি এটা কাজে লাগবে।’
আত্মবিশ্বাস খুঁজতে চাইলে গত টুর্নামেন্ট থেকেও নিতে পারেন মাশরাফি। গতবার এ তিন দলের সঙ্গে একই গ্রুপে পড়েছিল শ্রীলঙ্কা। সেটাও এই ইংল্যান্ডেই। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে টপকে সেবার সেমিফাইনালে উঠেছিল শ্রীলঙ্কাই। আর এবার বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নামছে, ‘আমরা এখন ওয়ানডেতে বিশ্বের ষষ্ঠ দল। র‍্যাঙ্কিংই দেখিয়ে দিচ্ছে গত কিছুদিন কতটা ধারাবাহিক ছিলাম আমরা। এখন সেটা ধরে রাখা হচ্ছে মূল চ্যালেঞ্জ। সম্ভব হলে আরও এগিয়ে যাওয়া। দেখা যাক কী হয়।’
বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজে নিতে পারে ২০১৫ বিশ্বকাপ থেকেও। সেবারও কঠিন গ্রুপ থেকেই শেষ আটে পা রেখেছিলেন মাশরাফিরা। সূত্র: এএফপি