নিজের জীবন-কাহিনি নিয়ে ছবি হোক, চাননি আজহার

আর কিছুদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন-কাহিনির ওপর নির্মিত ছবি—‘আজহার।’ ছবিটিতে ভারতের নন্দিত-নিন্দিত-বিতর্কিত সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। কিন্তু নিজের জীবন-কাহিনি নিয়ে কেউ ছবি বানাক, এটা আজহার কখনোই চাননি। এমনকি ‘আজহার’ ছবিটির নির্মাণ শুরু হওয়ার আগেও এ ব্যাপারে গররাজি ছিলেন এই সাবেক ক্রিকেট তারকা। ছবির স্ক্রিপ্ট পড়ে, পুরোপুরি নিশ্চিত হয়েই নাকি ছবিটি তৈরির অনুমতি দিয়েছেন তিনি।
ছবিটির একটি প্রচারণা অনুষ্ঠানে এসে আজহারউদ্দিন জানিয়েছেন সে কথাই, ‘আমি আসলে নিশ্চিত হয়ে নিয়েছি। ছবির স্ক্রিপ্ট পড়েছি। প্রচুর ঘষামাজা করেছি। যে সব জায়গায় পরিবর্তন আনতে বলেছি, নির্মাতারাও আমার সঙ্গে একমত হয়েছেন। একেবারে নিশ্চিত হয়েই আমি ছবিটি নির্মাণের অনুমতি দিয়েছি।’ প্রচারণা অনুষ্ঠানটিতে অবশ্য শেষ পর্যন্ত থাকেননি আজহার। উপস্থিত কয়েকজন সাংবাদিক তাঁর ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করলে তিনি সেখান থেকে রাগ করেই বেরিয়ে যান।
এদিকে ‘আজহার’ ছবির প্রযোজক ও পরিচালকদের বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ও আজহারউদ্দিনের সতীর্থ মনোজ প্রভাকর। ছবিতে নিজের চরিত্রটি কীভাবে তুলে ধরা হয়েছে—এটা নিয়ে নাকি তাঁর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এই সন্দেহ দূর করতেই ছবির প্রযোজককে তাঁর জন্য বিশেষ একটি প্রদর্শনীর ব্যবস্থা করতে অনুরোধ করেছিলেন তিনি। এতে তাঁরা সাড়া না দেওয়াতেই আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি প্রভাকরের।
প্রভাকর বলেছেন, ‘কোনো সন্দেহ নেই ছবিতে আজহারউদ্দিনকে খুব উজ্জ্বলরূপেই তুলে ধরা হবে। ছবিতে নাকি আমার চরিত্রও আছে। আমি যেহেতু আজহারের ম্যাচ ফিক্সিংয়ের কুকর্মের সাক্ষী, তাই আমার সন্দেহ হচ্ছে ছবিতে হয়তো আমাকে খলনায়ক হিসেবেই উপস্থাপন করা হয়েছে।’
কেবল প্রভাকর নয়। ছবিটি মুক্তির আগেই দেখতে চেয়েছেন ভারতের সাবেক দুই অধিনায়ক কপিল দেব ও রবি শাস্ত্রী। নভজোৎ সিং সিধুও আলাদাভাবে ছবিটি দেখতে চেয়ে যোগাযোগ করেছেন পরিচালক টনি ডি সুজার সঙ্গে। ‘আজহার’ ছবিতে এই তিন ক্রিকেটারের চরিত্রই আছে। সূত্র: পিটিআই।