নিজের পরিণতি ধোনিরও হোক চান না সৌরভ

বিষেণ সিং বেদির মতো সাবেক ক্রিকেটার বলছেন, মহেন্দ্র সিং ধোনিকে দল থেকে বাদ দেওয়া হোক। ভারতের সংবাদমাধ্যম ঠারেঠোরে বলছে, ধোনিকে বাদ দিয়ে বিরাট কোহলিকে সব ধরনের ক্রিকেটে দলের অধিনায়ক করার সময় এখনই। ভারতীয় ক্রিকেট বোর্ডের অবশ্য আস্থা ভোট অবশ্য ধোনির দিকেই গেছে। কিন্তু সেটিও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েই ২০০৭ সালে সাফল্য-মঞ্চে ওঠেন ধোনি। ভুলিয়ে দেন ওই বছরই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়ার হতাশা। ধোনি এর পর ওয়ানডে বিশ্বকাপও জিতিয়েছেন। আট বছরের নেতৃত্বে ভারতকে এনে দিয়েছেন আরও অনেক সাফল্য। টেস্টেও ধোনির সময় র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল ভারত।
কিন্তু ভারতীয় ক্রিকেটে অধিনায়কদের প্রস্থানের ঘটনা খুব একটা সুখকর হয় না। আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের প্রত্যেকেই অপদস্থ হয়ে কিংবা চাপের মুখে অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন। ধোনির আগে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন যিনি, সেই সৌরভের বিদায়টিও সুখকর ছিল না।
বাংলাদেশের কাছে সিরিজ হার, ওই সিরিজে ধোনির মাথা গরম করে মুস্তাফিজকে ধাক্কা মারা; এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই সিরিজেই হেরে যাওয়ার পর ‘ধোনিকে হঠাও’ রব উঠেছে। নিজের তিক্ত অভিজ্ঞতা আছে বলেই সৌরভ হয়তো এ সময় ধোনির পাশে দাঁড়ালেন। ‘দাদা’র কাছে মনে হচ্ছে, ভারতের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে দল থেকে ছুড়ে ফেলার ভাবনাটাও ঠিক নয়। এখনো অনেক কিছু দেওয়ার আছে ধোনির।
সম্প্রতি চলমান বিজয় হাজারে ট্রফিতেও ঝাড়খণ্ডের হয়ে বেশ ব্যর্থ হয়েছেন ধোনি। ৬ ম্যাচে রান মাত্র ১০৫! দিনে দিনে যেন ক্ষয়ে আসছে ‘ধোনি-ম্যাজিক’। এ জায়গাটাতে যেন সৌরভের সঙ্গে মিলে যাচ্ছে ধোনির। গ্রেগ চ্যাপেল ভারতের কোচ থাকার সময়টাতে তো এমনভাবেই ছুড়ে ফেলা হয়েছিল সৌরভকে। চোট, ফর্ম আর চ্যাপেল—ত্রিমুখী ‘হামলা’র সঙ্গে লড়ছিলেন।
নিজের পরিণতি ধোনির ক্ষেত্রেও না হোক এমনটাই চাওয়া সৌরভের। ভারতের অন্যতম সফল এই অধিনায়ক বলছেন, ‘ধোনি অসাধারণ একজন ক্রিকেটার। আন্তর্জাতিক মঞ্চে ও একটা আলাদা মানদণ্ড ঠিক করে দিয়েছে। ভারতকে আরও কয়েক বছর প্রতিনিধিত্ব করার মতো ক্রিকেট এখনো ওর মধ্যে বাকি আছে।’
ধোনির মধ্যে যতটুকু ক্রিকেট বাকি আছে, সেটি দিয়ে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চলবে কি না, সেটিও এখন আলোচনায়। চার বছর পরের সেই বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে হবেন সেই প্রশ্নেও এখনই যেতে রাজি নন এরই মধ্যে বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ ক্রিকেট কর্তা হয়ে ওঠা সৌরভ। তবে তাঁর কথাতেও আঁচ আছে, ওই বিশ্বকাপে হয়তো নতুন অধিনায়কের নেতৃত্বেই খেলবে ভারত। সেটি যে কোহলিও হতে পারেন, পাওয়া গেল সেই ধারণাও, ‘কোহলি অনেক দিন ধরেই বেশ ভালো খেলছে। দলটাকে আরও এগিয়ে নেওয়ার মতো যোগ্যতাও ওর আছে।’ তথ্যসূত্র: পিটিআই।