নিজের মাঠেই হারল ভারত

ভারত এক শ পেরোতে পারবে কি না, এই শঙ্কাটাই ঘিরে ধরেছিল প্রথম ইনিংসে। শেষ পর্যন্ত পারল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের ২৪ বলে ৩১ রানের ইনিংসে ভর করে অলআউট হওয়ার আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০১ রান করতে পেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। অবশ্য এতেও লাভ হয়নি ভারতের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে স্বাগতিক দল।
পুনের পিচটা ঘন সবুজ। ভারতে এমন পেস বান্ধব উইকেট দেখাই যায় না। টসটা তাই অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাতে কপাল পুড়ল ভারতের। টসে জিতে অনুমিতভাবেই ফিল্ডিং নিল শ্রীলঙ্কা। অভিষিক্ত কাসুন রাজিথার হাত থেকে যেন বল নয়, গোলা বেরোল। প্রথম ওভারের দ্বিতীয় ও শেষ বলেই আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। সেই শুরু, মাত্র ৫১ রানেই চলে গেলেন শুরুর পাঁচ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়াটাই যেন কাল হলো ভারতের জন্য। ভারতের সব ব্যাটসম্যানই যে কাল ব্যর্থ। ধাওয়ান, রায়না, যুবরাজ, ধোনি, হার্দিক পান্ডে, জাদেজা-সবাই শুধু এলেন আর গেলেন।
ব্যতিক্রম হয়ে রইলেন রবিচন্দ্রন অশ্বিন। একাদশ ওভারে পান্ডে আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন। এরপর একাই লড়ে গেলেন। পাঁচ চারে সাজানো অশ্বিনের ইনিংসটি হয়তো বাকি ব্যাটসম্যানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এই পিচেও অন্তত কিছু রান তো করাই যায়। বাকিদের মধ্যে রায়না করেছেন ২০, আর যুবরাজ ১০ - এ ছাড়া দুই অঙ্ক পেরোতে পারলেন না আর কোনো ব্যাটসম্যানই।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন আরেক অভিষিক্ত নিরোশান ডিকবেলা। পঞ্চম ওভারে ফিরে গেলেন অন্য ওপেনার দানুশকা গুনাথিকালাও। কিন্তু অধিনায়ক দীনেশ চান্দিমাল ও চামারা কাপুগেদারা মিলে শ্রীলঙ্কাকে বিপদমুক্ত করলেন। এই দুজনের ৪২ বলের ৩৯ রানের টি-টোয়েন্টি অনুপযুক্ত জুটিতেই ভারতের হারটা নিশ্চিত হয়ে যায়। অশ্বিনের বলে ৬২ রানে কাপুগেদারা ফিরে গেলেও অন্যপ্রান্তে চান্দিমাল ঠিকই ধীরে সুদতে দলকে নিয়ে যাচ্ছিলেন জয়ের কাছাকাছি। শেষ দিকে ৭ রানের মধ্যে দুই উইকেট পরে যাওয়ায় ম্যাচে একটু উত্তেজনা ফিরেছিল বটে কিন্তু টানা দুই বলে মারা মিলিন্দা সিরিবর্দনার ছয় ও চারে ১২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে শ্রীলঙ্কা।