নিজের সঙ্গেই লড়াই সৌম্যর, নিজের সঙ্গেই চ্যালেঞ্জ

প্রথমবারের মতো পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। ইংল্যান্ড সিরিজটা দেখতে হয়েছে দর্শক হয়েই। তিক্ত এই অভিজ্ঞতার মধ্যে সৌম্য একটা ইতিবাচক খবরও পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছে। সময়টা তাঁর বাজে গেলেও দলের ভবিষ্যৎ পরিকল্পনায় ভালোভাবেই আছেন, এতেই পরিষ্কার। বিসিবি তাঁকে আবারও রানে ফিরিয়ে আনার সব সুযোগ করে দিচ্ছে।
আজ এম এ আজিজ স্টেডিয়ামে ছিল প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। যদিও মাঠ পুরোপুরি তৈরি না হওয়ায় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। সব ঠিক থাকলে সৌম্যর অধিনায়ক পর্বটা শুরু হবে কাল থেকেই। এই দায়িত্বটাকে তিনি দেখছেন নিজেকে ফিরে পাওয়ার একটা উপায় হিসেবেও, ‘এটা আমার জন্য অবশ্যই ইতিবাচক দিক। সময়টা আমার যেমনই যাক। অধিনায়কত্ব তো অধিনায়কত্বই। এমনিতে আমার চ্যালেঞ্জিং সময় যাচ্ছে। এটা আরেক চ্যালেঞ্জ। ভালোভাবে দায়িত্ব পালন, একই সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো করতে পারলে সেটা আমার বড় অর্জন হবে।’
গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিল সৌম্যর। অথচ এবার তাঁকে থাকতে হয়েছে একাদশের বাইরে। হতাশ হলেও ভেঙে পড়ছেন না সৌম্য। ফিরে আসার চ্যালেঞ্জটা নিচ্ছেন বাঁহাতি ওপেনার, ‘জাতীয় দলে খেলাটাই একটা চ্যালেঞ্জ। খানিকটা সময় আমার বাজে গেছে। ইমরুল ভাই ভালো করছেন। আমার জন্য প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। যখন খেলি নিজের সঙ্গে ফাইট করি, নিজের সঙ্গেই চ্যালেঞ্জ ছুড়ি। ভাবি, সর্বশেষ যেটা করেছি, সেটার চেয়ে ভালো করতে হবে। নইলে নিজের কাছে নিজেই হেরে যাব। এভাবেই আমি নিজেকে প্রস্তুত করি।’
বহুদিন সৌম্যর ব্যাটে রান নেই। চেনা সৌম্যর দেখা নেই ২২ গজে। সমস্যাটা কোথায় বাঁহাতি ওপেনারের? টেকনিকে, নাকি আত্মবিশ্বাসে? উত্তরটা খুঁজছেন তিনি নিজেও, ‘সমস্যাটা কোথায় নিজেও জানি না। সব সময়ই চেষ্টা করছি এটা থেকে বের হওয়ার জন্য। সবার ক্ষেত্রে এমন সময় আসে। কে কত দ্রুত এখান থেকে বের হতে পারে, সেটাই হচ্ছে বিষয়। আমার ক্যারিয়ারের শুরুতেই এটা হয়েছে, এটা একটা ভালো দিক। যদি এটা কাটিয়ে উঠতে পারি, ভবিষ্যতের জন্য খুব ভালো হবে।’