নিজের সম্মান-অর্জন নিয়ে চিন্তায় ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর খুঁজছেন ওয়াকার। ফাইল ছবি
উত্তর খুঁজছেন ওয়াকার। ফাইল ছবি

৪-০? আসল ফল তো ৫-০। একমাত্র প্রস্তুতি ম্যাচটাও তো হেরেছে পাকিস্তান। এর পর তিনটা ওয়ানডে। একটা টি-টোয়েন্টি। বাংলাদেশ সফরে টানা পাঁচ ম্যাচে জয় নেই!
সমস্যাটা কিছুতেই বের করতে পারছেন না ওয়াকার ইউনিস। ওয়ানডে দলটাকে ‘অনভিজ্ঞ’ বলে তবু একটা ‘যুক্তি’ খাঁড়া করা গিয়েছিল। টি-টোয়েন্টিতে অনেক ভারসাম্যপূর্ণ দল নিয়েও তো স্রেফ উড়ে গেছে পাকিস্তান। এবার টেস্টেও যদি ব্যর্থ হয় দল, চাকরির কোনো আশাই থাকবে না পাকিস্তান কোচের। টেস্টে তো মিসবাহ-ইউনিসরা থাকছেন।
টেস্ট সিরিজ শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন ওয়াকার। সঙ্গে ছিলেন সহকারী কোচ মুশতাক আহমেদ। দুই পক্ষের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। এমনিতে পাকিস্তানের খেলোয়াড়-কোচ দ্বন্দ্বের ঐতিহ্য আছে। ওয়াকার তাই জানতে চেয়েছিলেন, সমস্যাটা অন্যখানে কি না। খেলোয়াড়েরা কি তাঁদের কোচিংয়ের ধরন নিয়েই নাখোশ?
দলের একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, ‘অন্যান্য সাধারণ বৈঠকের সঙ্গে এর পার্থক্য আছে। ওয়াকার আর মুশতাক খেলোয়াড়দের সরাসরি প্রশ্ন করেছিলেন তারা কি তাঁদের কোচিং পদ্ধতি নিয়ে সন্তুষ্ট নয়? তারা কি চায় দুই কোচ সরে যান? ওয়াকার খুবই আবেগ-আক্রান্ত হয়ে পড়েছিলেন। শুধু তো পাকিস্তানের সম্মানের ব্যাপার নয়, তাঁর নিজের সম্মান-অর্জনও ধুলোয় মিশে যাওয়ার পথে। খোলা মন নিয়ে তিনি খেলোয়াড়দের কাছে জানতে চান তাদের মনের কথা।’
এই সফরে ব্যাটে-বলে দুই জায়গাতেই ব্যর্থ পাকিস্তান। তবে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের ব্যর্থতাই চোখে পড়ছে বেশি করে। প্রশ্নটা আরও বেশি করে উঠছে এ কারণে, ওয়াকার-মুশতাক দুজনই ছিলেন নিজেদের সময়ের সেরা বোলার। সূত্রটি বলেছে, বাংলাদেশের মতো উইকেটে বোলারদের বোলিংয়ে বৈচিত্র্য আনা জরুরি। বারবার একই কথা বলার পরও ​বোলাররা সেটা কানে তোলেনি। ওয়াকার অবাক এই ভেবে, বিশ্বকাপ, এর আগের সিরিজগুলোতেও বোলাররা দারুণ করেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা কি বোলারদের সব আত্মবিশ্বাস সব কেড়ে নিল!
টেস্টে ভালো করতে হলে ২০ উইকেট নিতেই হবে। বোলারদের তাই জ্বলে ওঠা জরুরি। আর টেস্ট সিরিজটা ভালো মতো না জিতলে নিশ্চিতভাবেই চাকরি যাবে ওয়াকারের। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় আট শ, আর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় এক হাজার উইকেটের মালিককে হেঁট মাথায় ফিরে যেতে হবে অস্ট্রেলিয়ায়।