নিজের সেরা টেস্টগুলোর একটি বললেন ব্রড

আর একটি হলেই টেস্টের ‘শতক’ পূরণ হবে স্টুয়ার্ট ব্রডের। খেলোয়াড়ি জীবনে উত্তেজনায় ঠাসা এমন কত টেস্টই তো দেখেছেন ইংলিশ পেসার। দীর্ঘ ক্যারিয়ারে এখন নতুন অভিজ্ঞতার মুখোমুখি ব্রড—বাংলাদেশ নিচ্ছে তাঁদের স্নায়ুর পরীক্ষা। টান টান উত্তেজনায় ভরা চট্টগ্রাম টেস্টকে তাই নিজের সেরা টেস্টগুলোর একটি বলছেন ব্রড।
নিশ্চিতভাবেই আজ উত্তেজনাপূর্ণ একটি রাতই কাটতে যাচ্ছে দুই দলের। ব্রডের অবশ্য এমন রাত জীবনে বহুবারই এসেছে। সেই অভিজ্ঞতা থেকেই ইংলিশ পেসার বলছেন, ‘ফিল্ডিং দল হিসেবে আপনি নিজেকে এভাবে বোঝাতে পারেন—দুটি উইকেট পেতে তো দরকার শুধু দুটি বল। ডিফেন্স করা কঠিন এমন দুটি ডেলিভারি, অথবা ব্যাটসম্যানের সামর্থ্যের পরীক্ষা নেবে এমন বল। বাংলাদেশ চমত্কার খেলছে। রোমাঞ্চের দিক দিয়ে এটি আমার খেলা সেরা ৫ টেস্টের মধ্যে অবশ্যই থাকবে। তবে আমিও ৯৯ টি টেস্ট খেলে ফেলেছি। এমন না যে সারা রাত নির্ঘুম কাটবে। আমার মনে হয় হয়তো তিন ঘণ্টার মতো ঘুমাতে পারব।’
বাংলাদেশের সঙ্গে এর আগেও দুটি টেস্ট খেলেছেন ব্রড। ২০১০ সালে বাংলাদেশে দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তাঁর। কিন্তু সেবার খুব একটা উজ্জ্বল না থাকলেও তাঁকে তেমন পরীক্ষা দিতে হয়নি। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর আজ নিজের দশম ওভারে গিয়ে পেয়েছেন উইকেট। বাংলাদেশের এমন পারফরম্যান্সে অবশ্য মোটেও অবাক নন ব্রড, ‘এটা অসাধারণ এক টেস্ট। এই উইকেট ব্যাটসম্যান সহায়ক নয়। বাংলাদেশ তাদের পারফরম্যান্স নিয়ে গর্ব করতে পারে। আমরাও গর্বিত এই কন্ডিশনে আমাদের স্কিল ভালোভাবে কাজে লাগিয়েছি। ছয় বছর পর এখানে আমাদের প্রথম ম্যাচ। কাল ১১ জন হতাশ হবে, ১১ জন উল্লাস করবে। এটা ড্র হওয়ার ম্যাচ নয়।’