নিজেরা বদলালে বদলাবে ফিল্ডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ক্যারিয়ারে মাশরাফির দেখা সেরা ফিল্ডার সাকিব l প্রথম আলো
দীর্ঘ ক্যারিয়ারে মাশরাফির দেখা সেরা ফিল্ডার সাকিব l প্রথম আলো

বাংলাদেশে রিচার্ড হ্যালসলের প্রথম ফিল্ডিং সেশন ছিল গত সোমবার। ডাইভিং-স্লাইডিংয়ে ক্যাচ ধরার একটি ড্রিল দেখিয়ে দিলেন নতুন ফিল্ডিং কোচ। প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়ল দলের সবাই। বেশ কষ্টের কাজ। কিন্তু হইচই, মজা, উত্তেজনায় সেশনটি কাটিয়ে দিলেন সবাই। ফিল্ডিংয়ে সাফল্যের মূলমন্ত্রই উপভোগ করা। সেই মন্ত্রটা কি তবে আত্মস্থ করতে পারছেন ক্রিকেটাররা?
প্রশ্নটা শুনে হাসলেন মাশরাফি বিন মুর্তজা, ‘নতুন ফিল্ডিং কোচ এলে, নতুন কিছু দেখালে সবাই একটু উত্তেজিত, রোমাঞ্চিত থাকে এমন। পরে আস্তে আস্তে...।’ কথা থামিয়ে হাসি দিয়ে মাশরাফি আসলে বুঝিয়ে দিলেন, শুরুর রোমাঞ্চ আস্তে আস্তে মিইয়ে যায়। কেন হয় এমন?
বাংলাদেশ প্রথম ফিল্ডিং কোচ পেয়েছে ২০০৯ সালে। আগের বছর দুয়েক ধরে সহকারী কোচ থাকা মোহাম্মদ সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফিল্ডিং কোচের। এরপর জুলিয়েন ফাউন্টেন, জেসন সুইফট, বাংলাদেশেরই সোহেল ইসলাম, কোরি রিচার্ডস হয়ে এখন হ্যালসল। ফিল্ডিং কোচ আসে, ফিল্ডিং কোচ যায়। বাংলাদেশের ফিল্ডিং থেকে যায় সেই একই জায়গায়। কোচিং ক্যারিয়ার, অভিজ্ঞতায় এখনকার কোচ হ্যালসল বাংলাদেশে তাঁর সব পূর্বসূরির চেয়ে এগিয়ে। বাংলাদেশ দলের কোচিং স্টাফদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ হয়তো তিনিই। কিন্তু এই হ্যালসলের কোচিংয়ে বাংলাদেশ কি পারবে বিশ্বের সেরা ফিল্ডিং দলগুলোর একটি হতে? অতীত অভিজ্ঞতা বলে, সেরাদের কাতারে থাকা বহুদূর, নিজেদের মানে দীর্ঘদিন ধারাবাহিক থাকাটাই বাংলাদেশের জন্য কঠিন।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই মাশরাফি প্রধান কোচ হিসেবে পেয়েছিলেন ট্রেভর চ্যাপেলকে। খেলোয়াড়ি জীবনেও দুর্দান্ত ফিল্ডার হিসেবে পরিচিত চ্যাপেল যতটা না ছিলেন প্রধান কোচ, তার চেয়ে বেশি ছিলেন ফিল্ডিং কোচ। সহকারী কোচ সরওয়ার ইমরান ব্যাটিং-বোলিং সামলাতেন, চ্যাপেল পড়ে থাকতেন ফিল্ডিং নিয়েই। পরে মহসিন কামাল-আলী জিয়া জুটি এলেন কোচ হয়ে। তখনো আলী জিয়া সামলাতেন ফিল্ডিংটা। চ্যাপেল-জিয়াদের জমানা থেকে গত কয়েক বছরের বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ—সবার সংস্পর্শেই এসেছেন মাশরাফি, দেখেছেন কাছ থেকে। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের অভিজ্ঞতা, নিজেরা না বদলালে বদলাবে না ফিল্ডিং!
নিজেরা বদলানো মানে মানসিকতার বদল। হ্যালসল এসে দলের কাছে, সংবাদমাধ্যমের সামনে যে কথাটি বলছেন, সেই একই কথা বলছেন মাশরাফিও, ‘হ্যালসল অনেক হাই-প্রোফাইল কোচ। বাড়তি কিছু অবশ্যই যোগ করতে পারবেন। তবে দিন শেষে চোখে পড়ার মতো উন্নতি করতে হলে সেটা নিজেদেরই করতে হবে। ফিল্ডিং ব্যাপারটিই হলো নিজের ওপর। আমাদের একটা সমস্যা হলো, ব্যাটিং বা বোলিংয়ে কেউ খারাপ করলে মুষড়ে পড়ে। এতটাই হতাশ হয়ে যাই যে, মনেই থাকে না ফিল্ডিংও খেলার গুরুত্বপূর্ণ একটি অংশ। ফিল্ডিং দিয়েও অলরাউন্ডার হয়ে ওঠা যায়, ম্যাচ জেতানো যায়, বেশির ভাগই আমরা এভাবে ভাবি না।’
মাশরাফি এখানে উদাহরণ হিসেবে টেনে আনলেন সতীর্থ সাকিব আল হাসানকে, ‘দীর্ঘ ক্যারিয়ারে আমি যাদের সঙ্গে খেলেছি, আমার চোখে তাদের মধ্যে সেরা ফিল্ডার সাকিব। ম্যাচে কিংবা অনুশীলনে, ওর ৯০ শতাংশ থ্রো স্টাম্পে লাগে। কখনোই ক্যাচ ছাড়ে না। কঠিন ক্যাচকে সহজ বানিয়ে ফেলে। মাঠে অনেক জায়গা কাভার করে। আর খালি চোখে মনে না হলেও, অনেক দ্রুত ছোটে সাকিব। ব্যাটে-বলে প্রায় সময়ই পারফর্ম করে বলে সেই আত্মবিশ্বাস ওর ফিল্ডিংয়ে থাকে। তবে এর চেয়েও বড় কথা, ফিল্ডিংটাকে ও ব্যাটিং-বোলিংয়ের মতোই সমান গুরুত্ব দেয়। উপভোগ করে, ভালো করতে চায়।’
গোটা দলকে বাদ দিয়ে, ব্যক্তিগতভাবেও বাংলাদেশের কেউ কখনো বিশ্বসেরা ফিল্ডারদের কাতারে যেতে পারেননি। ক্যারিয়ারের শুরুর দিকে অলক কাপালি, পরে আফতাব আহমেদরা সেই সম্ভাবনা জাগিয়েছিলেন। তাঁদের ক্যারিয়ারের মতোই হারিয়ে গেছে সেই সম্ভাবনা। মাশরাফির ব্যাখ্যাটি এখানে আগের কথাগুলোরই পরিপূরক, ‘ওই যে, ব্যাটে-বলে ফর্ম! ফর্ম হারিয়ে ফেলার পর দুশ্চিন্তায় ওদের ফিল্ডিংও খারাপ হয়েছে। আরও অনেকের ক্ষেত্রেই এটি সত্যি। সত্যি দলের ক্ষেত্রেও। বাংলাদেশ দলও যখন ভালো খেলে, জিততে থাকে, দেখবেন ফিল্ডিং দুর্দান্ত হচ্ছে। দলের দুঃসময়ে ফিল্ডিংও বাজে হয়ে যায়। আত্মবিশ্বাসটা থাকে না।’
তাহলে সমাধান? আশার তরি ভাসানো ছাড়া তো উপায় নেই। মাশরাফিও সেটাই করলেন, ‘খুব ভালো কোচ পেয়েছি। তিনি মনে করিয়ে দিচ্ছেন, আমরাও আলোচনা করছি। এই একটা জায়গায় চাইলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা হওয়া যায়। জিম্বাবুয়েও তো বিশ্বমানের ফিল্ডিং দল। দেখা যাক, আশা করি আমাদের ফিল্ডিংও ভালো হবে!’