নিভৃতেই শেষযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত দিন বেঁচে ছিলেন, নিজের ব্যক্তিগত জীবনকে সযত্নে আড়াল করে রেখেছেন প্রচারের আলো থেকে। মৃত্যুর পরও রিচি বেনো তাই আড়ালেই থাকতে চাইলেন। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী টনি অ্যাবট গত সপ্তাহে প্রয়াত এই ক্রিকেটারের শেষকৃত্যানুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বেনোর পরিবার সেটা ফিরিয়ে দিয়েছে। বেনোর স্ত্রী ড্যাফনি প্রধানমন্ত্রীর অফিসে ফোন করে জানিয়ে দিয়েছেন, কিংবদন্তি এই ক্রিকেটারের ইচ্ছাই ছিল এমন।
টনি অ্যাবট কাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার মনে হয় তাঁকে সম্মান দেখানোর জন্যই রাষ্ট্রের তরফ থেকে শেষকৃত্যানুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি বুঝতে পারছি রিচি চেয়েছিলেন যে, কাজটি খুবই নিভৃতে হোক।’ ক্রিকইনফো।