নিম্বলকারের যে কীর্তি ভারতের আর কারও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০০ রান করেও ভারতীয় দলে ডাক পাননি নিম্বলকার। সংগৃহীত ছবি
৪০০ রান করেও ভারতীয় দলে ডাক পাননি নিম্বলকার। সংগৃহীত ছবি

দুজনেরই ডাকনাম ছিল ‘লিটল মাস্টার’। যতই ‘লিটল মাস্টার’ ডাকা হোক না কেন, ভারতীয় ক্রিকেটের বড় বড় রেকর্ড শচীন টেন্ডুলকার আর সুনীল গাভাস্কারের দখলে। টেন্ডুলকার তো ব্যাটিংয়ের যত রেকর্ড আছে তার অধিকাংশই নিজের করে নিয়েছেন। টেন্ডুলকারের আবির্ভাবের আগে যার অধিকাংশই আবার ছিল গাভাস্কারের। কিন্তু একটি জায়গায় দুজনকেই পেছনে ফেলেছেন ভাওসাহেব বাবাসাহেব নিম্বলকার। কীর্তিটাও অসাধারণ, যা নিয়ে আছে তার চেয়েও অসাধারণ এক গল্প। ভারতের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে একমাত্র ৪০০ রানের ইনিংস তাঁরই।

টেন্ডুলকারেরই যেমন প্রথম শ্রেণিতে সর্বোচ্চ রানের ইনিংসটি হলো ২৪৮, গাভাস্কারের ৩৪০। সেঞ্চুরির দেখা নিয়মিত মিললেও ২০০ কিংবা ৩০০ রানের ইনিংসের দেখা হররোজ মেলে না। আর রানের সীমাকে ৪০০তে টানলে বিরলতম কিছু ঘটনায় পরিণত হয় ব্যাপারটি। সে জন্যই ক্রিকেটের শতবর্ষের ইতিহাসেই মাত্র দশটি ৪০০ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস আছে প্রথম শ্রেণির ক্রিকেটে। এই অনন্য রেকর্ড করতে পেরেছেন মাত্র ৮ জন ব্যাটসম্যান। নিম্বলকার তাঁদেরই একজন।

১৯৪৮-৪৯ রঞ্জি ট্রফিতে কাটিহারের বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে খেলছিলেন নিম্বলকার। প্রথম ইনিংসে কাটিহারের ২৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমেছিল মহারাষ্ট্র। তিনে নেমে নিম্বলকার ও ওপেনার কমল ভান্ডারকার মিলে এমনই রান উৎসব শুরু করলেন যে কাটিহারের তো ত্রাহি দশা। ভান্ডারকর তো তবু ২০৫ রান করে আউট হয়ে গেলেন, কিন্তু মুক্তি মিলল না প্রতিপক্ষের। নিম্বলকার ঠিকই ব্যাটিং চালিয়ে গেছেন। 

তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির সময় মহারাষ্ট্রের স্কোর ছিল ১৮০ ওভারে ৮২৬/৪! নিম্বলকারের রান তখন ৪৪৩। বিরতির পরও যখন মহারাষ্ট্র ব্যাটিং চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করল, কাঠিয়ারের বোলারদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কাটিহার দলপতি ঠাকুর সাহেব দলকে চূড়ান্ত লজ্জার হাত থেকে বাঁচাতে দেড় দিন বাকি থাকতেই পরাজয় স্বীকার করে নেন। ফলে নিম্বলকারকে ৪৪৩ রানেই থেমে যেতে হয়।
প্রথম শ্রেণির ক্রিকেটে তৎকালীন বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন ব্র্যাডম্যান, ৪৫২ রান নিয়ে। অনেকেই মনে করেন, ঠাকুরের আগেই পরাজয় মেনে নেওয়ার পেছনে কাজ করেছিল ব্র্যাডম্যানের রেকর্ডটা যাতে ভেঙে না যায়—সেই ইচ্ছা। মহারাষ্ট্রের অধিনায়ক রাজা গোখলে নাকি অনুরোধও করেছিলেন, নিম্বলকারকে আরও দশটি রান করার সুযোগ দেওয়ার জন্য। এখনই পরাজয় মেনে না নিতে। কিন্তু কাটিহার দল তা না মানায় ব্র্যাডম্যানের রেকর্ডটি আর নিম্বলকারের ভাঙা হয়নি।
এই দুঃখ বেচারা কত দিন বয়ে বেড়িয়েছেন কে জানে। তাঁর সবচেয়ে বড় দুঃখের জায়গা অবশ্য কখনো ভারতীয় টেস্ট দলে জায়গা না পাওয়া। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.০১ গড়ে ৪৫৭৭ রান করা করার পরও সেই সময়ের ভারত দলে জায়গা না-পাওয়াটাই বিস্ময়ের। ভারতের নির্বাচকেরা চিনতে না পারলেও ব্র্যাডম্যান ঠিকই চিনেছিলেন এই ব্যাটিং প্রতিভাকে। নিজের ইনিংসটির চেয়ে নিম্বলকারের ইনিংসটিই বেশি ভালো বলে স্বীকার করে নিয়েছিলেন ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান।
এই ইনিংসের কিছুদিন পরই ব্র্যাডম্যান নিজে ছোট্ট একটি চিঠি পাঠিয়ে অভিবাদন জানান নিম্বলকারকে। পরশু নিম্বলকারের জন্মদিন আবারও মনে করিয়ে দিল ক্রিকেটের সেই কিংবদন্তিগাথাগুলোর একটি।