নিরাপত্তা বটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনটা আগে ইংল্যান্ডে মাঝেমধ্যে দেখা যেত। খেলা শেষে উন্মুক্ত গ্যালারি থেকে হুড়মুড়িয়ে মাঠে ঢুকছে সাধারণ দর্শক। আর খেলোয়াড়েরা রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন ড্রেসিং রুমের দিকে। অনেক দিন পর গত পরশু এমনটা দেখা গেল দিল্লির পালাম স্পোর্টস কমপ্লেক্সে। ভারত ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা দল। ম্যাচটি হেরে গেছেন ডি ভিলিয়ার্সরা। তবে ম্যাচ শেষে যা হলো, তাতে সবাই অবাক। মনদীপ সিং ভারতের পক্ষে জয়সূচক রানটি নিতেই খোলা গ্যালারি থেকে দর্শকেরা ছুটতে থাকে মাঠের দিকে। জয়ী নয়, পরাজিত দলের খেলোয়াড়দের ছুঁয়ে দেখতেই তাঁদের এই প্রাণান্ত প্রচেষ্টা! অবশ্য ডি ভিলিয়ার্স-ডুমিনিদের তো আর প্রতিদিন অত কাছে পাওয়া যায় না। মাঠে থাকা নিরাপত্তারক্ষীরা বেষ্টনী তৈরি করে খেলোয়াড়দের নিয়ে গেছেন মাঠ থেকে। ডি ভিলিয়ার্সরাও পরে জানিয়েছেন, বিরক্ত নন, উল্টো ভক্তদের ‘ভালোবাসার অত্যাচারে’ খুশিই হয়েছেন তাঁরা। ক্রিকবাজ।