নিরাপত্তার দায়িত্ব আমাদের, আশ্বাস আইসিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ফাইল ছবি
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ফাইল ছবি

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে ‘শ্রদ্ধা’ দেখাচ্ছে আইসিসি। তবে এটাও স্পষ্ট, ক্রিকেটের সবচেয়ে আকর্ষক দলগুলোর একটিকে না পেয়ে আইসিসি হতাশ। হোক না সেটি তাদের যুব দল। হোক না টুর্নামেন্টটিও যুবাদের বিশ্বকাপ। আইসিসি বাকি দলগুলো আশ্বাস দিচ্ছে, বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থার পুরো দায় তাদের। আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, তাতে নিজেদের সন্তুষ্টির কথা আরও একবার জানিয়েছে আইসিসি। এই আয়োজনে তাদের আস্থা আছে বলেই বলতে পারছে, দলগুলোর নিরাপত্তার দায় আমাদের।
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে আমরা গুরুত্বের সঙ্গে শ্রদ্ধা করছি। আমরা বুঝতে পারছি, অস্ট্রেলীয় সরকারের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু তাদের এই সিদ্ধান্তে আমরা অবশ্যই হতাশ।’
এরপরই বাকি দলগুলোর ​পুরো নিরাপত্তার দায়িত্ব আইসিসি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি, ‘আইসিসি তার যেকোনো আয়োজনে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে নেয়, এর পুরো দায়িত্বও নেয়। বাংলাদেশ সরকার তার নিরাপত্তা সংস্থাগুলোর মাধ্যমে উচ্চ পর্যায় থেকে পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের নিজস্ব ও নিরপেক্ষ নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শও আমরা নিয়েছি। অটুট নিরাপত্তা পরিকল্পনাও নেওয়া হয়েছে। এসব বিবেচনা করেই আমরা মনে করি, নির্দিষ্ট সময়ে এই টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত।’
আইসিসি এর পরও বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন তিনি। রিচার্ডসন আশ্বস্ত করেছেন, বিশ্বকাপের মতো এই টুর্নামেন্ট, যেখানে ১৬টির মতো দল ও দেশ যুক্ত থাকে, সেখানে সব সময়ই নিরাপত্তার বিষয়টিও সেভাবেই ভেবে দেখা হয়। যুব বিশ্বকাপ হলেও এই টুর্নামেন্টটিকে আসল বিশ্বকাপের চেয়ে খুব কম একটা গুরুত্বও আইসিসি দেয় না বলে মন্তব্য করেছেন তিনি, ‘আইসিসির জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট, এখান থেকেই ভবিষ্যতের আন্তর্জাতিক তারকারা উঠে আসে। আমরা এখনো আত্মবিশ্বাসী, বিসিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আইসিসি বাংলাদেশে সফল একটি টুর্নামেন্ট উপহার দেবে।’