নিরাপত্তাশঙ্কায় এবার দক্ষিণ আফ্রিকা
>১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আপাতত তারা আসছে না
নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ার সফর স্থগিত করার সুদূরপ্রসারী প্রভাবের শঙ্কা ছিল সবার মধ্যে। বাংলাদেশের ক্রিকেটে সেই অশুভ বাতাসটা বোধ হয় লাগতেই শুরু করল। ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আপাতত তারা আসছে না। কারণ, নিরাপত্তা নিয়ে শঙ্কা।
কাল বিকেলে ধানমন্ডিতে নিজের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসানই দিলেন দুঃসংবাদটা, ‘দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল আসার কথা ছিল। কিন্তু সম্ভবত তারা ১৫ তারিখে আসছে না। আমার ধারণা, সফরটা কিছুদিন পেছাবে।’ ব্যাখ্যা করেছেন এর কারণও, ‘অস্ট্রেলিয়া সফর স্থগিত করার পর দক্ষিণ আফ্রিকার বোর্ড থেকে এখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কিন্তু আমরা কখনো মহিলা ক্রিকেটের ক্ষেত্রে ওইভাবে নিরাপত্তা পরিকল্পনা দিই না, যেটা ছেলেদের দলের ক্ষেত্রে দেওয়া হয়। যদি কোনো পরিকল্পনা পাঠাই, সেটা তারা গ্রহণ করতেও পারে, নাও পারে। আমরা বলেছি, ৯ অক্টোবর আইসিসির সভায় অংশ নিতে আমি দুবাই যাচ্ছি। ওখানে বসে এটা নিয়ে সামনাসামনি আলোচনা করব।’
আলোচনার পর যদি মনে হয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চাহিদা অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা দেওয়া সম্ভব, তাহলে তাদের সেটা দেওয়া হবে বলে জানিয়েছেন সভাপতি। অবশ্য দক্ষিণ আফ্রিকার মেয়েদের সফর স্থগিত কারাটাকে ‘সাময়িক’ সমস্যাই মনে করছেন তিনি। অস্ট্রেলিয়া দলের সামনে ব্যস্ত সূচি। নতুন করে বাংলাদেশ সফরের সময় বের করাটা তাদের জন্য কঠিন। সে তুলনায় মেয়েদের দলগুলোর অত ব্যস্ততা থাকে না। ১৫ অক্টোবর না এলেও তার সপ্তাহ খানেকের মধ্যেই দক্ষিণ আফ্রিকা মহিলা দলকে বাংলাদেশে আনা সম্ভব, এমনটাই আশা নাজমুল হাসানের। তাঁর বিশ্বাস, বাংলাদেশ সফরের ওপর জারি হওয়া নিরাপত্তা সতর্কতা আগামী চার-পাঁচ দিনের মধ্যেই উঠে যাবে।
নিরাপত্তা সতর্কতার ধাক্কা পর পর দুটি বিদেশি দলের সফরে বাধা হয়ে দাঁড়ানোয় এমন অদ্ভুত প্রশ্নও উঠছে, ক্রিকেটে বাংলাদেশের উত্থান থামানোরই ষড়যন্ত্র না তো এসব! বিসিবি সভাপতি তা মনে করেন না। তবে সন্ত্রাসী হুমকির কাছে ক্রিকেটের জিম্মি হয়ে পড়ার বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন আবারও, ‘আমি এখনো জোর গলায় বলছি, অস্ট্রেলিয়া দল বাংলাদেশে খেলতে আসলে কিচ্ছু হতো না। আমরা যে নিরাপত্তা পরিকল্পনা দিয়েছিলাম, এরপর সফরে না আসার কোনো কারণ খুঁজে পাই না। আইসিসির সভায় আমার মূল কাজই হবে ওদের বোঝানো যে, হুমকির জন্য খেলা বন্ধ হওয়ার মতো অবস্থা বাংলাদেশে নেই। হুমকি সব দেশেই আছে। তাই বলে খেলা বন্ধ করা যাবে না। কী করলে হুমকি থাকলেও আমরা খেলতে পারি, তার একটা সমাধান বের করতে হবে।’
আইসিসি এবং অন্য বোর্ডগুলোকে বোঝানোর এই কাজটা খুব কঠিন হবে না বলেই বিশ্বাস নাজমুল হাসানের। কারণ, আইসিসিতে বাংলাদেশের অবস্থান এখন বেশ শক্তিশালী, ‘আইসিসিতে বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। খেলায় আমাদের খেলোয়াড়েরা ভালো করছে। সেই সঙ্গে আইসিসিতে আমাদের অবস্থানও আগের চেয়ে অনেক ভালো। বোর্ডগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। ওদের কোনো অনুরোধ করলে ওরা তা মেনে নেবে।’
অস্ট্রেলিয়া সফর স্থগিত হয়ে যাওয়ার পর বিসিবির চোখ এখন জিম্বাবুয়ে সিরিজের দিকে। দুটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ হওয়ার কথা ছিল আগামী জানুয়ারিতে। তবে জিম্বাবুয়ে ক্রিকেটকে বিসিবি প্রস্তাব দিয়েছে, টেস্টের অংশটা আগামী মাসের শুরুতে খেলে ফেলতে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এই প্রস্তাবে জিম্বাবুয়ে ইতিবাচক সাড়া দিচ্ছে বলেই খবর।