নির্বাচক কমিটি তাহলে চার সদস্যের?
বিসিবি সভাপতি ছয় সদস্যের একটি টেকনিক্যাল কমিটি রেখেছেন জরুরি প্রয়োজনে মতামত বিনিময়ের উদ্দেশ্যে। কমিটির সবাই সাবেক ক্রিকেটার। এতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক, জাহাঙ্গীর শাহ বাদশা, মাঈনুল হক, এ এস এম ফারুক, ইশতিয়াক আহমেদ ও আতহার আলী খান।
গত বছরের জানুয়ারিতে গঠিত হওয়ার পর টেকনিক্যাল কমিটির প্রথম সভা বসে সে বছরেরই জুলাই মাসে। পরশু ফোনে এবং মুঠোফোন বার্তায় সভার আমন্ত্রণ পেয়ে বিসিবি কার্যালয়ে কাল দ্বিতীয়বারের মতো বসলেন কমিটির সদস্যরা। ক্রিকেটের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এখানে প্রাধান্য পেয়েছে নির্বাচক কমিটি পুনর্গঠন ও ঘরোয়া ক্রিকেটের নিম্নমানের আম্পায়ারিং নিয়ে সাম্প্রতিক বিতর্ক।
নির্বাচক কমিটি পুনর্গঠনের আলোচনা কয়েক দিন ধরেই চলছে। টেকনিক্যাল কমিটির সভা শেষে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে মোটামুটি স্বচ্ছ একটা ধারণা দিলেন নাজমুল, ‘তিনজন নির্বাচক তো আছেনই, একজন হয়তো বাড়বে। কোচকেও অন্তর্ভুক্ত করা হবে। আমার সঙ্গে এ ব্যাপারে ওনারা (টেকনিক্যাল কমিটি) সবাই একমত হয়েছেন।’ সভাপতি জানিয়েছেন, দল নির্বাচন অনেকটা আগের মতোই থাকবে। বোর্ড শুধু চায় দল গঠনের আগে কোচ-নির্বাচকেরা যেন নিজেদের মধ্যে আলোচনা করে নেন। দল চূড়ান্ত হওয়ার পর যেন কোনো বিষয়ে দ্বিমত না থাকে।
কোচ নির্বাচক কমিটির অংশ হলে অন্য নির্বাচকদের মতো তাঁর জন্যও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখাটা বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন সভাপতি। কিন্তু কোচ চন্ডিকা হাথুরুসিংহে খেলা দেখবেন কী, আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে তিনি তো ছুটিতে চলে যান! চুক্তি অনুযায়ী বছরে এক মাস ছুটি পাওয়ার কথা থাকলেও সে তুলনায় অনেক বেশি ছুটি কাটাচ্ছেন কোচ। সভাপতি আভাস দিলেন, এই সংস্কৃতিতে বদল আনাও হাথুরুসিংহেকে নির্বাচক কমিটিতে রাখার একটা উদ্দেশ্য। কমিটিতে টিম ম্যানেজারের আসার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু সভাপতি নাকি এখন পর্যন্ত সে রকম কোনো সুপারিশই পাননি।
কমিটিতে প্রধান নির্বাচকের পদ থাকবে কি না সেটি চূড়ান্ত হয়নি। তবে নাজমুল বলেছেন, ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানকে নির্বাচনী প্রক্রিয়ায় যদি যুক্ত করা হয়, কমিটির প্রধান হিসেবে নয়, ‘কোচ-নির্বাচকেরা যখন এক জায়গায় বসবেন, সেখানে ক্রিকেট পরিচালনা প্রধান থাকবেন। তবে দল নির্বাচনে ক্রিকেট পরিচালনা কমিটির সরাসরি কোনো সম্পর্ক থাকবে না।’
গত এক-দেড় বছরে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুবই ভালো। খেলোয়াড়-কোচদের পাশাপাশি সেটির কৃতিত্ব নির্বাচকদেরও। বিসিবি সভাপতিও সেটা মানেন, ‘নির্বাচকেরা যদি ভালোভাবে দায়িত্ব পালন না করতেন তাহলে বাংলাদেশ দল এই পারফরম্যান্স করতেই পারত না। পারফরম্যান্সের পেছনে নির্বাচক কমিটির অবদান অবশ্যই আছে।’ তাহলে কমিটির কাঠামো পরিবর্তনের প্রয়োজন কেন? নাজমুল হাসানের ব্যাখ্যা, ‘জিনিসটাকে আরও সুন্দর এবং ভালো কীভাবে করা যায়, সে জন্যই এই পদক্ষেপ।’ অবশ্য আগের দিন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী যা বলেছিলেন, সভাপতিও কাল তাই মনে করিয়ে দিলেন—নির্বাচক কমিটি পুনর্গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বোর্ড সভায়।
টেকনিক্যাল কমিটির সভায় গুরুত্ব পেয়েছে ঘরোয়া ক্রিকেটের বিতর্কিত আম্পায়ারিংও। দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের পর সেই বিষবাষ্প ছড়িয়েছে প্রিমিয়ার লিগেও। নাজমুল বলেছেন, ‘ওনাদের সঙ্গে এসব নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি—কী করে আমরা এটা বন্ধ করতে পারি। আমরা চাই ক্রিকেটে অন্যায় কিছুই থাকা চলবে না। সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। ওনারা এ ব্যাপারে ওনাদের লিখিত বক্তব্যও আমাদের কাছে দেবেন।’