নির্বাচক কমিটিতে থাকার ইচ্ছা হাথুরুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে পরশু রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। কাল বেলা ১১টার দিকে এলেন বিসিবি কার্যালয়ে। প্রায় দুই ঘণ্টা কাটিয়ে বেরোলেন বেলা ১টার দিকে। ঘিরে ধরল তাঁকে সংবাদমাধ্যম। নতুন কাঠামোর নির্বাচক কমিটিতে তাঁর যুক্ত হওয়া না-হওয়া, মুস্তাফিজুর রহমানের কাউন্টিতে খেলা, বাংলাদেশ দলকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে কথা বললেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ—

কাল সংবাদমাধ্যমের মুখোমুখি চন্ডিকা হাথুরুসিংহে l প্রথম আলো
কাল সংবাদমাধ্যমের মুখোমুখি চন্ডিকা হাথুরুসিংহে l প্রথম আলো

নির্বাচক কমিটিতে কোচের অন্তর্ভুক্তি
পরিকল্পনা নিয়ে বিসিবি সামনের দুই দিনের মধ্যে আমার সঙ্গে বসবে। মনে করি, এটা ভালো ধারণা। কারণ, দলের পারফরম্যান্সের দায় দিন শেষে আমার ওপরই বর্তায়। আমি নির্বাচনী প্রক্রিয়ার অংশ হলে খেলোয়াড়, নির্বাচক সবার জন্যই বিষয়টি সহজ হবে। যোগাযোগ আরও ভালো হবে।
দলকে নিয়ে পরিকল্পনা
আগামী দু-তিন বছর হবে বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহদের মতো দুর্দান্ত খেলোয়াড়েরা পারফরম্যান্সের চূড়ায় আছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ধারাবাহিক ভালো খেলার এখনই সময়। এটা যেমন রোমাঞ্চকর, তেমনি হবে চ্যালেঞ্জিং। আগামী দুই বছর আমাদের বিদেশের মাটিতেই বেশি খেলতে হবে। গত দুই বছর দেশের মাটিতে পরিচিত কন্ডিশনে বেশি খেলেছি। আমাদের দেখাতে হবে বাংলাদেশ ক্রিকেট কতটা উন্নতি করেছে।
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপিং
আমরা স্বাগতিক ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে যাচ্ছি। কঠিন গ্রুপেই পড়েছি। আমাদের এগিয়ে যেতে হবে, ভালো প্রস্তুতি নিতে হবে। এর জন্য আমাদের পরিকল্পনা তো আছেই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগে আয়ারল্যান্ডে চলে যাব। এরপর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে খেলব।
টেস্ট বোলার হিসেবে মুস্তাফিজ
সে মাত্র দুটি টেস্ট খেলেছে। ৪ উইকেট নিয়ে তার একটিতে ম্যাচসেরাও হয়েছে। শুরুতেই এমন পারফরম্যান্স মুগ্ধ করার মতোই। তবে সামনের দিনগুলোই ওর জন্য চ্যালেঞ্জ। তাকে ফিট থাকতে হবে, আমাদেরই দেখে রাখতে হবে তাকে। আমরা জানি, তার বোলিং-রহস্য দ্রুতই উন্মোচন করতে চাইবে সবাই। তার বুদ্ধিদীপ্ত ক্রিকেটের ওপর আমার আস্থা আছে। সে যাতে এটা ধরে রাখতে পারে, সেই উপায় আমরা বের করব। তাকে দেখে রাখা, গড়ে তোলা ও বাংলাদেশের জন্য তৈরি রাখাই হবে আমাদের চ্যালেঞ্জ।
মুস্তাফিজের কাউন্টিতে খেলা
আপনি যদি নিজের পারফরম্যান্সের আরও উন্নতি চান, ওই ধরনের কন্ডিশনে খেলতে হবে। মুস্তাফিজ যদি দ্রুত উন্নতি করে ও ভালো খেলে তাতে বাংলাদেশই উপকৃত হবে। যদি তার শারীরিক সমস্যা না থাকে, সেখানে খেললে ভালো হবে। বাংলাদেশের খেলোয়াড়েরা সেখানে খেলার সুযোগ খুব একটা পায় না। যদি চারজন খেলোয়াড় পাঠানোর সুযোগ থাকত আমার, চারজনকেই পাঠাতাম।
টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করতে
উন্নতি করার সেরা উপায় প্রচুর ম্যাচ খেলা। যদি আমাদের রেকর্ড দেখেন, বড় টুর্নামেন্ট ছাড়া খুব একটা টি-টোয়েন্টি খেলিনি। টেস্টেও একই অবস্থা। অনেক দিন আমরা টেস্ট খেলছি না। আমাদের ভালো একটা বোলিং আক্রমণ তৈরি করা জরুরি। আগামী ২-৩ বছরে এটাই হবে বড় চ্যালেঞ্জ। এমন বোলিং আক্রমণ থাকতে হবে যাতে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া যায়। আমরা ঠিক পথেই আছি। কিছু ভালো বোলার পেয়েছি। দারুণ কিছু তরুণ খেলোয়াড় যেমন আছে, সিনিয়ররাও তাদের ক্যারিয়ারের সেরা সময়ে আছে।
ঢাকা প্রিমিয়ার লিগ
আমি পারফরম্যান্স দেখতে চাই, বিশেষ করে চাই জাতীয় দলের খেলোয়াড়েরা ভালো করুক। তারা কী করছে, ইন্টারনেটে খোঁজখবর রাখছি। আশা করি, সুপার লিগে জাতীয় দলের খেলোয়াড়েরা আরও ভালো করবে। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখাবে।