নির্বাচক কমিটিতে বোর্ড পরিচালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে যাচ্ছে বিসিবির জাতীয় দল নির্বাচক কমিটির চেহারা। দীর্ঘদিন ধরে যে তিন সদস্যের নির্বাচক কমিটি দেখে সবাই অভ্যস্ত, সেটা হয়ে যাবে ছয় সদস্যের। পাঁচজন সাবেক ক্রিকেটারের সঙ্গে থাকবেন একজন বোর্ড পরিচালকও। কমিটিতে ‘প্রধান নির্বাচক’ বলে আর কোনো পদ থাকবে না। তবে এটা অনুমিত, অলিখিতভাবে সংশ্লিষ্ট বোর্ড পরিচালকই থাকবেন সে ভূমিকায়। তাঁর পদের পোশাকি নাম অবশ্য হবে সমন্বয়ক বা এ-জাতীয় কিছু।
কাল দুপুরে গুলশানের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। ওয়ার্কিং কমিটির প্রস্তাবের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বোর্ড সভায়। ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেন নির্বাচক কমিটির কাঠামো পরিবর্তনের ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। মুঠোফোনে কাল শুধু বলেছেন, ‘বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে।’ তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত। আগামী বোর্ড সভায় এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
নির্বাচক কমিটিকে আরও গতিশীল, জবাবদিহিমূলক এবং কার্যকর করে তুলতেই নাকি কাঠামো পরিবর্তনের এই উদ্যোগ। নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বলেছেন, ‘আমরা চাই, নির্বাচকদের কাজে আরও জবাবদিহি আসুক। বর্তমান পদ্ধতিতে ওনারা কোন খেলোয়াড়কে কেন দলে নিচ্ছেন, সেটা আমরা জানতে পারি পত্রিকা পড়ে। এ রকম আরও অনেক জায়গায় নির্বাচকদের সঙ্গে বোর্ডের ব্যবধান আছে। এমনকি কোচের সঙ্গে নির্বাচকদের যোগাযোগেরও একটা মাধ্যম থাকা উচিত। একজন পরিচালক কমিটিতে থাকলে এই কাজগুলো সহজ হয়ে যাবে।’
নির্বাচকেরা আন্তর্জাতিক ম্যাচ যতটা আগ্রহ নিয়ে দেখেন, ঘরোয়া ম্যাচ ততটা আগ্রহ নিয়ে দেখেন না বলেও মনে করে বোর্ড। এসব বিষয়সহ তাঁদের সব কাজ দেখভালের জন্যই কমিটিতে সরাসরি একজন পরিচালকের সম্পৃক্ত থাকা জরুরি বলে ভাবা হচ্ছে। কিন্তু নির্বাচক কমিটি যেহেতু ক্রিকেট পরিচালনা বিভাগের অংশ, কমিটি প্রধানের কাছে তাদের জবাবদিহি এমনিতেই থাকার কথা। নির্বাচকদের কাজের সমন্বয় এবং তদারকিও করার কথা ক্রিকেট পরিচালনা প্রধানেরই। নির্বাচক কমিটিতে তাহলে আলাদা করে বোর্ড পরিচালক ঢোকানোর প্রয়োজন কী, সেই প্রশ্ন তাই উঠছেই।
কমিটির এক সদস্য এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘এ রকমই হওয়া উচিত ছিল। কিন্তু তা হচ্ছে কই! প্রধান নির্বাচক ফারুক আহমেদ ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের চেয়ে বয়সে বড়। দুজন আবার আত্মীয়ও। এখানে কে কার কথা শুনবে, সেটা ঠিক করাই মুশকিল হয়ে পড়ে। নির্বাচক কমিটিতে বোর্ড পরিচালকের কর্তৃত্ব তাই কাগজে-কলমেই দিতে হচ্ছে।’ ব্যক্তিবিশেষের জন্য পুরো কাঠামোই বদলে ফেলার প্রয়োজন আছে কি না, জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি। তবে আভাস দিয়েছেন, নির্বাচক কমিটির সেই বোর্ড পরিচালক ক্রিকেট পরিচালনা প্রধান নিজেও হতে পারেন, ‘আমরা চেষ্টা করব ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে এমন কাউকে দায়িত্বটা দিতে। তিনি ক্রিকেট পরিচালনা প্রধান হতে পারেন, আবার অন্য কেউও হতে পারেন।’