নির্বাচকদের লারার তোপ
একসময়ের প্রবল প্রতাপশালী দল, দুবারের বিশ্ব চ্যাম্পিয়নও। সেই ওয়েস্ট ইন্ডিজকে আয়ারল্যান্ডের কাছে অসহায়ভাবে হারতে দেখে কিছুটা তো আত্মসম্মানে লাগবেই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ানদের। একই সঙ্গে তাঁরা ময়নাতদন্তও করছেন দলের অমন পারফরম্যান্সের। ১৯৭৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেনানী মাইকেল হোল্ডিং এ হারের জন্য যেমন কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পুরো দলকেই।
তবে ব্রায়ান লারার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা। তিনি দায় দেখছেন নির্বাচকদের। ডোয়াইন ব্রাভো আর কাইরন পোলার্ডের মতো খেলোয়াড়কে বিশ্বকাপ দলে না রাখায় ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকে ধুয়ে দিয়েছেন এই কিংবদন্তি।
ত্রিনিদাদ গার্ডিয়ান পত্রিকায় এক কলামে লারা লিখেছেন, ‘আমরা নিজেদের পায়ে কুড়াল মেরেছি। নির্বাচকদের উচিত ছিল পোলার্ড-ব্রাভোকে দলে রাখা। কেন রাখেননি আমি বুঝতে পারছি না। এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।’
বেতন-ভাতা নিয়ে গত নভেম্বরে ভারত সফরের সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে ঝামেলায় জড়িয়ে দল থেকে বাদ পড়েন ব্রাভো ও পোলার্ড। যদিও ক্লাইভ লয়েড দাবি করেছিলেন, দুজনকেই নাকি ফর্মের কারণে বাদ দেওয়া হয়েছে। কথাটা বিশ্বাস করতে একদমই রাজি নন লারা, ‘পরিসংখ্যান দেখে সব সময় পুরোটা বোঝা যায় না। সত্যি বলতে দুজনকে বাদ দেওয়ার কারণটা হাস্যকরই। অথচ পোলার্ডের উপস্থিতিই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওর শরীরী ভাষা পুরো দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। সে আর ব্রাভো যে অবদান রাখতে পারত তা পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না।’ জ্যামাইকা অবজারভার।