নির্বাসন শেষ হচ্ছে 'বাংলাদেশ ভক্ত' হার্শার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাভাষ্যে ফিরছেন হার্শা ভোগলে। ফাইল ছবি
ধারাভাষ্যে ফিরছেন হার্শা ভোগলে। ফাইল ছবি

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের মতো কোনো ক্রিকেট ম্যাচে শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। গত এক বছর ধরে তিনি অনুপস্থিত ধারাভাষ্য কক্ষে। অবশেষে শেষ হচ্ছে হার্শা ভোগলের নির্বাসন। আইপিএলের এবারের আসরেই ধারাভাষ্যকার হিসেবে আবার দেখা যেতে পারে ভোগলেকে। অবশ্য মাঠে নয়; স্টুডিওতে দেখা যাবে তাঁকে। ম্যাচের আগে, বিরতি ও শেষে ক্রিকেট বিশ্লেষণ করবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভোগলের ধারাভাষ্য পছন্দ হয়নি সে সময়কার ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ ভারতীয় ক্রিকেট দলের অনেকেরই। অমিতাভ বচ্চন তো রীতিমতো টুইট করেই সমালোচনা করেছিলেন ভোগলের। বেঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভোগলে ভারতীয় ক্রিকেট দলের চেয়ে বাংলাদেশের প্রশংসাই বেশি করেছেন—এটাই নাকি তাঁর অপরাধ। বিশ্বকাপের পরপরই আইপিএলে ধারাভাষ্য দেওয়ার অধিকার হারান তিনি। এমনকি ভারতের কোনো ম্যাচেও দেখা যায়নি তাঁকে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে পরিচিত কণ্ঠস্বর হয়ে ওঠা হার্শা।
অবশেষে আবারও দেখা যাবে তাঁকে। আইপিএলের সম্প্রচার সংস্থা সনি পিকচার্সের নির্বাহী সহসভাপতি প্রসন্ন কৃষ্ণান জানিয়েছেন, ‘আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে এবার হার্শা ভোগলেকে ফেরানোর ইচ্ছা আছে আমাদের। এ জন্য অবশ্য কাগজে-কলমে কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে।’
এই সময়টা অবশ্য বেকার কাটাননি ভোগলে। একটি ক্রিকেট ওয়েবসাইটে বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত কলাম লিখেছেন। সূত্র: ডেকান ক্রনিকলস।