নির্ভার বোলিং চান রাজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের একাডেমি মাঠে ভেঙ্কটপতি রাজু l প্রথম আলো
মিরপুরের একাডেমি মাঠে ভেঙ্কটপতি রাজু l প্রথম আলো

প্রথম পাঁচ দিন কাজ করবেন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্পিনারদের নিয়ে। এরপর জাতীয় দলের স্পিনারদেরও দেবেন কিছু টিপস। তবে বিসিবির স্পিন বিশেষজ্ঞ হয়ে এক সপ্তাহের ক্যাম্প করাতে আসা সাবেক ভারতীয় স্পিনার ভেঙ্কটপতি রাজু কাল প্রথম দিনেই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিয়ে দিলেন বাংলাদেশের সব স্পিনারকে।
‘আমরা চাই না কেউ তার প্রকৃতিপ্রদত্ত স্টাইলটা বদলে ফেলুক। আমরা তাদের শেখাব কীভাবে আরও নির্ভার হয়ে বল করা যায়। মৌলিক বোলিংটা করতে বলব এবং আরও বেশি করে ভাবতে বলব।’ মিরপুরে ছয় দিনের ক্যাম্পে নিজের কাজ সম্পর্কে সাংবাদিকদেরও ধারণা দিলেন রাজু। কারও অ্যাকশন বা বোলিংয়ের ধরন বদলানো নয়, ভালো বোলার হওয়ার মন্ত্রটাই তিনি পড়ে দিতে চান তরুণ স্পিনারদের কানে।
ক্যাম্পের প্রথম দিনেই কয়েকজন ভালো লেগ স্পিনার চোখে পড়েছে রাজুর। অন্যদের দক্ষতা নিয়েও প্রশ্ন নেই। স্পিনারদের প্রতি তাঁর পরামর্শ—বোলিংটা করতে হবে আরও বেশি চাপমুক্ত থেকে, আরও বেশি বৈচিত্র্যময় ডেলিভারি রাখতে হবে হাতে। ‘বেশির ভাগ বোলারই ভুলে গেছে বল হাতে কীভাবে বিপ্লব আনতে হয়। ওরা শুধু জোরে মারতে চায়...আরও জোরে এবং এভাবেই শেষ হয়ে যায়। আমরা চাই, ওরা মৌলিক জিনিসগুলো ঠিক রেখে বল করুক, তাহলেই বল হাতে বিপ্লব আনা সম্ভব।’ বলেছেন রাজু।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বোলারদের ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জটাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই বাঁহাতি স্পিনার, ‘টি-টোয়েন্টি ও ৫০ ওভারের ক্রিকেটে এখন বোলারদের জন্য অনেক বিধিনিষেধ। সে তুলনায় আমরা ছিলাম অনেক সৌভাগ্যবান। ২৩০-২৪০ রানই যথেষ্ট ছিল তখন। এখন তো ৩০০-ও যথেষ্ট নয়।’