নিলামের পর রাগ করে চাকরি ছাড়লেন আইপিএল দলের কোচ

‘রাগ করে’ হায়দরাবাদের চাকরি ছেড়েছেন ক্যাটিচ?ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল নিলামের পরপরই ক্ষুব্ধ হয়ে চাকরি ছেড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচ সাইমন ক্যাটিচ। সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটার নাকি চাকরি ছেড়েছেন নিলামে তাঁর পরিকল্পনার প্রতিফলন না থাকায়। সানরাইজার্স হায়দরাবাদ ক্যাটিচের চাকরি ছাড়া নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ভারতীয় গণমাধ্যম বলছে নিলাম পরিকল্পনার কথাই।

ক্যাটিচকে নিয়ে আগে থেকেই সমস্যায় ছিল হায়দরাবাদ। নিলামের আগে ডেভিড ওয়ার্নারকে ছেড়ে দেওয়াটা মোটেও পছন্দ হয়নি তাঁর। এ নিয়ে দলের বিভিন্ন মহলকে বোঝানোরও চেষ্টা করেছিলেন ক্যাটিচ। তখন অবশ্য সেটি চাকরি ছাড়ার পর্যায়ে পৌঁছেনি। কিন্তু গত শনি আর রোববারের মেগা নিলামে হায়দরাবাদ নাকি তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেনি। সে কারণে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটির সহকারী কোচ হিসেবে থাকার কোনো কারণই খুঁজে পাননি তিনি। নিলামে দলে নেওয়া কয়েকজন ক্রিকেটারকে নিয়ে নাকি তাঁর আপত্তি ছিল।

শনি–রোববারের আইপিএল নিলামেও ছিলেন ক্যাটিচ
ছবি: টুইটার

সানরাইজার্স হায়দরাবাদ এক বিবৃতিতে খবরটি স্বীকার করেছে। যদিও তারা কোনো কারণ উল্লেখ করেনি বা এ নিয়ে বিস্তারিত কিছু বলেনি। কারণ হিসেবে বলা হয়েছে জৈব সুরক্ষা বলয়ে ক্যাটিচের সমস্যা আর পরিবারকে সময় দেওয়ার বিষয়টি।

হায়দরাবাদ দলের আনুষ্ঠানিক বিবৃতিটি এমন, ‘আইপিএলের সময় সাইমান ক্যাটিচকে দলের সঙ্গে জৈব সুরক্ষাবলয়ে আড়াই থেকে তিন মাস থাকতে হবে। সে মনে করেছে বলয়ে এতগুলো দিন কাটানো তাঁর জন্য বেশ কঠিন। ক্যাটিচ আমাদের কিছু পারিবারিক সমস্যার কথাও উল্লেখ করে বলেছে, ওই সময় তাঁর পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। আমরা এসব বিবেচনা করেই তাঁকে দ্রুত ছেড়ে দিয়েছি। খুব শিগগির আমরা একজন সহকারী কোচ নিয়োগ দেব।’

দলের পরিকল্পনা পছন্দ হয়নি ক্যাটিচের?
ছবি: টুইটার

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক তারকা টম মুডি। নিলামের আগে তারা নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, আবদুল সামাদ আর উমরান মালিককে ধরে রাখে। এবারের নিলামে তারা ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন আর অস্ট্রেলিয়ার শন অ্যাবটকে কিনেছে। ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আছেন ওয়াশিংটন সুন্দর, ভূবনেশ্বর কুমার।

ক্যাটিচ অস্ট্রেলিয়ার হয়ে ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে ৫৬টি টেস্ট ও ৪৫টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছেন তিনটি। ৪৬ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়েও খেলেছিলেন ২০১৩ সালে।