নিশ্চিত মাত্র ৫ জন!
জুলাই মাসের শুরুতেও অ্যাডাম ভোজেসের টেস্ট গড় ছিল ৯৫.৫০! ১৫ টেস্ট শেষেও এমন গড় কিছুটা হলেও অবিশ্বাস্য। কিন্তু শ্রীলঙ্কা সফরের ব্যর্থতাতেই দলে জায়গা নড়বড়ে হয়ে গেল ভোজেসের। অন্তত সাবেক অধিনায়ক মার্ক টেলর এমনই ভাবছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে যে পাঁচজন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত বলে ভাবছেন টেলর, তাঁদের মধ্যে নেই ভোজেসের নাম।
গত বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দল নিয়ে নিজের ভাবনাটা জানান টেলর, ‘ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, পিটার নেভিল, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডই শুধু নিজেদের নিশ্চিত ভাবতে পারে। অন্য সবার ব্যাপারেই কথা বলতে হবে। এ মুহূর্তে আর কারোরই দলে জায়গা নিশ্চিত নয়।’ অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও কথা বলছে টেলরের পক্ষে। মাত্রই দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডেতে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এর আগে শ্রীলঙ্কাতেও টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে তারা। এএফপি।