নিষিদ্ধ আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে নিষিদ্ধ হয়েছিলেন আট বছরের জন্য। এর মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা তিন বছরের। আপিলের পর শাস্তিটা কমে হলো দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছর। অর্থাৎ বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করা মোহাম্মদ আশরাফুল খেলায় ফিরতে পারবেন ২০১৬ সালের ১৩ আগস্ট। আপিলে শাস্তি কমেছে বিসিবির ট্রাইবু৵নালের রায়ে শাস্তি পাওয়া আরও কয়েকজনেরও।
গত আগস্টে দেওয়া এই রায়ের পর মনে হচ্ছিল, গত বছর থেকে চলে আসা বিপিএল স্পট ফিক্সিং বিতর্ক একটা উপসংহার খুঁজে পেল। তবে শাস্তি কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে পাল্টা আপিল করেছে বিসিবি ও আইসিসি। তবে বিপিএল স্পট ফিক্সিংয়ের কেঁচো খুঁড়তে বেরিয়ে আসা ‘সাপ’ নিয়ে কেন যেন উদাসীন বিসিবি! আকসুর কাছে আশরাফুলের দেওয়া জবানবন্দি অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটে ম্যাচ পাতানোর বিষ ঢুকেছিল আরও অনেক আগেই এবং সেটি আন্তর্জাতিক ম্যাচে। এর সঙ্গে জড়িত তিন সাবেক ক্রিকেটারের নামও বলেছিলেন আশরাফুল। পরে এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, আন্তর্জাতিক অংশটুকুর ব্যাপারে আইসিসির মাধ্যমে পৃথক তদন্ত করা হবে। কিন্তু সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে আর কিছু জানা যায়নি।